মস্কো, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়ার কারান্তরীণ সাবেক তেল টাইকুন মিখাইল খোদরকভস্কিকে সোমবার বিলিয়ন বিলিয়ন ডলার চুরি ও পাচারের দায়ে সোমবার দোষী সাব্যস্ত করেছে মস্কোর একটি আদালত।
আদালতের রায়ে বলা হয়েছে, খোদরকভস্কি এবং তার সাবেক বিজনেস পার্টনার প্লাটন লেবেদেভ দুজনই অর্থ পাচার এবং তেলের তহবিল চুরির জন্য দোষী।
কর এড়িয়ে যাওয়া ও জালিয়াতি সংক্রান্ত আরেকটি অপরাধের দায়ে খোদরকভস্কি ইতোমধ্যেই ৮ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
এটি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ২য় বিচার। খোদরকভস্কি আদালতের রায়ের বিরুদ্ধে আপীল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
খোদরকভস্কি তার এই বিচার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার আইনজীবী বলছেন, আদালত স্বাধীনভাবে নয় বরং চাপের মুখে এই রায় দিয়েছে।
ওদিকে, সরকারি আইনজীবীরা ইউকস তেল কোম্পানির সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য অতিরিক্ত আরো ছয় বছরের জেল চাইছেন।
কিন্তু ২৫০ পাতার রায় পড়া এবং সাজা ঘোষণা করতে বিচারক ভিক্টর ডানিলকিন এর আরো কিছুদিন সময় লাগবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২২ ঘ.
bdnews24