২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে প্রহরা চৌকিতে তালেবান হামলা-সংঘর্ষ, নিহত ৩৫

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষে ৩৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

মোহমান্দ (পাকিস্তান), ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষে ৩৫ জন নিহত হয়েছে। আদিবাসী এলাকায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর পাঁচটি প্রহরা চৌকিতে তালেবান যোদ্ধারা হামলা চালালে ওই সংঘর্ষ বাঁধে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা রক্ষী, বাকি ২৪জন তালেবান বাহিনীর সদস্য। কর্মকর্তারা বলেন, মোহমান্দের বাইজাইয়ে সীমান্তরক্ষীদের পাঁচটি প্রহরা চৌকিতে হালকা ও ভারী অস্ত্র নিয়ে ১৫০ জনের মতো তালেবান সদস্য একযোগে হামলা চালায়। মোহমান্দের প্রশাসক আমজাদ আলি খান সাংবাদিকদের বলেন, "বেশ কয়েকটি প্রহরা চৌকিতে তালেবানের হামলায় আধা সামরিক বাহিনীর ১১ সদস্য নিহত ও ১২ জন আহত হয়েছে।" এরপর তালেবানের গোপন আস্তানায় হেলিকপ্টার থেকে গোলা ছোড়ে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ২৪ তালেবান সদস্য নিহত হয় বলে আমজাদ জানান। তালেবানের ক্ষয়ক্ষতি আরো বাড়তে পারে বলে তার ধারণা। তালেবান হামলা নিরাপত্তা বাহিনী সফলভাবে প্রতিরোধ করেছে দাবি করে তিনি বলেন, "কামানের গোলা ছুড়ে সেনারা পাল্টা হামলা চালায় এবং হেলিকপ্টার গানশিপ নিয়ে তালেবানের আস্তানায় অভিযান চালিয়ে ২৪ তালেবানকে হত্যা করে।" তবে মোহমান্দের তালেবান মুখপাত্র সাজ্জাদ মোহমান্দ বলেন, নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তাদের মাত্র দুই জন যোদ্ধার মৃত্যু হয়েছে। গত বছর তালেবানবিরোধী অভিযানে পাকিস্তান উল্লেখযোগ্য সফলতা পেলেও সেখানে সামরিক ও বেসামরিক নাগরিকের ওপর তালেবানের হামলা বেড়েই চলেছে। ২০০৭ সালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তালেবান পরিচালিত ইসলামাবাদের একটি মসজিদে অভিযান চালানোর পর দেশটিতে তালেবানের আত্মঘাতী ও বোমা হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৭৩২ ঘ.