২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মম পাল্টা আঘাতের হুমকি দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়া যদি আবারো হামলা চালায় তবে 'নির্মম পাল্টা আঘাত' হেনে তার জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুঙ বাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 09:04 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

সিউল, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া যদি আবারো হামলা চালায় তবে 'নির্মম পাল্টা আঘাত' হেনে তার জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুঙ বাক। উত্তর কোরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ কোরিয়ার অগ্রবর্তী সেনা দলের উদ্দেশে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। লি বলেন, উত্তরের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া দর্শক হয়ে থাকবে না। তিনি আরো যোগ করেন, "আমাদের বিশ্বাস ছিল, সহিষ্ণুতাই এ অঞ্চলে শান্তি নিশ্চিত করবে, কিন্তু প্রকৃত অবস্থা তা নয়।" সিউলে প্রেসিডেন্ট কার্যালয় থেকে লি'র এই মন্তব্য প্রকাশ করা হয়েছে। নভেম্বরের শেষদিকে ইয়োনপিয়ং দ্বীপে উত্তর কোরিয়া গোলা হামলা চালালে দুই বেসামরিক নাগরিকসহ চারজন নিহত হয়। দক্ষিণের সেনারাও গোলা ছুড়ে সে হামলার জবাব দেয়। কিন্তু তাৎক্ষণিক দুর্বল প্রতিক্রিয়া দেখানোয় দেশের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার মুখোমুখি হন প্রেসিডেন্ট লি ও তার প্রশাসন। ওই হামলার পর কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকদিনের মাথায় পীত সাগরে যুক্তরাষ্ট্রের পরমাণু যুদ্ধজাহাজ ইউ এস জর্জ ওয়াশিংটনের অংশগ্রহণে যৌথ সামরিক মহড়া চালায় দক্ষিণ কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০০ ঘ.