তেহরান, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে অনন্তপক্ষে সাত জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
সোমবারের ওই ভূমিকম্পে বেশকিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাদেশিক গভর্নর জানিয়েছেন।
ইরানের কেরমান প্রদেশের গভর্নর ইসমাইল নজর বলেন, "সাতজন নিহত ও শতাধিক আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে শত মানুষ।"
রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, ভূমিকম্পে তিনটি গ্রাম বিধ্বস্ত হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।
ইরনা সংবাদ সংস্থা জানিয়েছে, মূল ভূমিকম্পের পর আরো নয়টি পরাঘাত হয়েছে। সেগুলোর একটি ছিল ৫ মাত্রার।
কেরমান প্রদেশের গভর্নর কার্যালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ৩০টি গ্রামজুড়ে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, "গ্রামগুলো খুব জনঅধ্যুষিত নয়। যার কারণে নিহতের সংখ্যা বেশি হওয়ার আশঙ্কা নেই।"
স্থানীয় অপর এক কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পৌঁছানো খুবই কষ্টকর।
ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের প্রধান হোসেইন বাকেরি টেলিভিশনে বলেন, "ভূমিকম্প উপদ্রুত অঞ্চলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে, তাদের সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।"
কেরমান প্রদেশ উচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চল বলে পরিচিত। ওই অঞ্চলের বাম নগরে ২০০৩ সালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১২ ঘ.
bdnews24