ইয়োনপিয়ং, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বিতর্কিত সমুদ্রসীমায় দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার পাল্টা জবাব দেবে না বলে সোমবার জানিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে পরমাণু অস্ত্র পরিদর্শকদের আবার উত্তর কোরিয়ায় ফেরত নিতে রাজি হয়েছে পিয়ংইয়ং।
এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া আঞ্চলিক উত্তেজনা অনেকটাই কমিয়ে আনছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
দক্ষিণ কোরিয়া গোলাগুলির মহড়া চালালে গত নভেম্বরে ইয়োনপিয়ং দ্বীপে চালানো গোলা হামলার চেয়েও ভয়ঙ্কর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলো উত্তর কোরিয়া।
কিন্তু এ হুঁশিয়ারির মুখেও দক্ষিণ কোরিয়া সোমবার ইয়োনপিয়ং দ্বীপে গোলাগুলির সহড়া চালানোর পর উত্তর কোরিয়া বলেছে, সামরিক হামলা চালিয়ে পাল্টা জবাব দেওয়ার মতো মারাত্মক কোনো মহড়া নয় এটি।
দক্ষিণ কোরিয়া সোমবার তাদের ইয়োনপিয়ং দ্বীপে ৯০ মিনিটের কিছু বেশি সময় ধরে গোলাগুলির মহড়া চালিয়েছে।
এরপরই উত্তর কোরিয়ার পিপলস আর্মি সুপ্রিম কমান্ড এর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় কেসিএনএ বার্তা সংস্থা বলেছে, "এ মহড়াকে আমরা একের পর এক সামরিক উস্কানির বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার মতো বলে মনে করছি না।"
অন্যদিকে, আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া মার্কিন দূত বিল রিচার্ডসনকে বলেছে, তারা আবার তাদের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক পরিদর্শকদের পরিদর্শন করতে দেবে।
উত্তর কোরিয়ার এ সম্মতিতে কূটনৈতিক অচলাবস্থা কেটে যাবে বলেই মনে করা হচ্ছে।
ডপয়ংইয়ং এ সংবাদদাতা উলফ ব্লিজারের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, পিয়ংইয়ং আবারো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কর্মকর্তাদেরকে তাদের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দিতে রাজি হয়েছে।
নিউ মেক্সিকোর গভর্নর রিচার্ডসন কোরিয়া উত্তেজনা প্রশমনের চেষ্টায় পিয়ংইয়ং সফরে গিয়ে এ সম্মতি পেয়েছেন।
তাছাড়া, যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি সামরিক কমিশন গঠন এবং দুই কোরিয়ার সামরিক বাহিনীর মধ্যে আলাদাভাবে একটি হটলাইন চালুর রিচার্ডসনের প্রস্তাবেও পিয়ংইয়ং রাজি হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
তবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণারয় উত্তর কোরিয়ার এ সম্মতির খবরটি নিশ্চিত করে জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৩ ঘ.
bdnews24