ওয়াশিংটন, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অর্থনীতি পুনরুদ্ধার এবং চাকরির সুযোগ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কর হ্রাসের বিলটি বৃহস্পতিবার পাস করেছে কংগ্রেস।
ওবামার ডেমোক্র্যাট দলের অনেকের কাছ থেকে আপত্তির মুখেও মার্কিন প্রতিনিধি পরিষদে ২৭৭-১৪৮ ভোটে বিলটি পাস হয়েছে।
বুধবার সিনেটে বিলটি পাস হয়। এর মধ্য দিয়ে স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা হওয়ার আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোথি গেইথনার বলেছেন, এ বিল দেশের প্রবৃদ্ধি থেকে শুরু করে চাকরির সুযোগ সৃষ্টিসহ ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্যও ভালো।
বিলটি কাজে আসলে আগামী বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়াসহ বেকারত্বের হার কমে আসবে বলে জানিয়েছে ডেমোক্র্যাট প্রতিনিধি জ্যান হার্মান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১০ ঘ.
bdnews24