২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিক তল্লাশি, যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ভারত

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নয়াদিল্লির দুই শীর্ষ কূটনীতিকের নিরাপত্তা তল্লাশির শিকার হওয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 03:40 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নয়াদিল্লির দুই শীর্ষ কূটনীতিকের নিরাপত্তা তল্লাশির শিকার হওয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছে, এ ধরনের তল্লাশিতে প্রটোকল মরাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। দু'সপ্তাহ আগে টেক্সাসের হিউস্টোন বিমানবন্দরে ভারতের জাতিসংঘ দূত হারদ্বীপ পুরিকে নিরাপত্তা তল্লাশির সময় পাগড়ী খুলতে বলা হয়। কিন্তু শিখ ধর্মাবলম্বী হারদ্বীপ পাগড়ী খুলতে অস্বীকৃতি জানালে তাকে একটি কক্ষে আধঘন্টা আটকে রাখা হয়। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া সোমবার এ খবর জানায়। ভারতের শিখরা সাধারণত আত্মসম্মান ও মর্যাদাবোধের প্রতীক হিসাবে মাথায় পাগড়ী পরে। জনসম্মুখে তা খোলার রীতি নেই। এ রীতি ভেঙে তার তল্লাশি চালানোর চেষ্টায় ক্ষুব্ধ হয়েছে ভারত। তাছাড়া, ৪ ডিসেম্বরে আরেক ভারতীয় কূটনীতিক মীরা শঙ্করকেও তল্লাশির মুখে পড়তে হয়েছে। শাড়ি পরার কারণে ভারতের মার্কিন রাষ্ট্রদূত মীরা শঙ্করকে তার কূটনৈতিক পরিচয় সত্ত্বেও হয়রানির শিকার হতে হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, ওই সময়ে তল্লাশি চালানোটাই সঠিক ছিলো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা সোমবার নয়াদিল্লিতে গণমাধ্যমকে বলেছেন, আমরা বিষয়টি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে জানিয়েছি। দুই কূটনীতিককে তল্লাশির ওই ঘটনা ভারতে ক্ষোভ সঞ্চার করেছে। কয়েকটি রাজনৈতিক দল ভারতের বিমানবন্দরেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একইরকম নিরাপত্তা তল্লাশি চালানোর দাবি তুলেছে। কূটনৈতিক পাসপোর্ট বহনকারীদের ভারতের বিমানবন্দরে তল্লাশি চালানো হয় না। অথচ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় কূটনীতিকদের এমন তল্লাশি মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন কৃষ্ণা। তিনি বলেন, এরকম আপত্তিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা বিষয়টি নিয়ে মার্কিন সরকারের দ্বারস্থ হচ্ছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এ ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এর আগেও ভারতীয় কর্মকর্তারেদর তল্লাশির মুখে পড়ার ঘটনা ঘটেছে। তবে তা বড় ধরনের কোনো কূটনৈতিক বিরোধ সৃষ্টি করেনি। গত বছর যুক্তরাষ্ট্রের কন্টিনেন্টাল এয়ারলাইনস ভারতের সাবেক প্রেসিডেন্ট আব্দুল কালামকে তল্লাশি চালায়। তখনো ভারত এতে ক্ষুব্ধ হয়েছিলো। নিরাপত্তা প্রটোকলের আওতায় ভারতের সাবেক প্রেসিডেন্ট ও অন্যান্য গন্যমাণ্য ব্যক্তিদের নিরাপত্তা তল্লাশি থেকে অব্যাহতি পাওয়ার বিধান আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৩ ঘ.