নয়া দিল্লি, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত কার্বন নির্গমন হ্রাসে আইনগতভাবে-বাঁধাধরা লক্ষ্যমাত্রা মেনে নিতে প্রতিশ্র"তিবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে।
ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ কানকুনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ফাঁকে বলেন, আইনগতভাবে ধরাবাঁধা নতুন জলবায়ু চুক্তির অংশ হিসাবে কার্বন নির্গমন হ্রাসের প্রয়োজনীয়তার বিষয়টি মেনে নেওয়ার মধ্য দিয়ে ভারতের অবস্থান পরিবর্তনের সময় এখনই।
এর আগে ভারত এতোদিন অর্থনৈতিক ক্ষতির কথা চিন্তা করে নতুন কোনো জলবায়ু চুক্তিতে কার্বন নির্গমন হ্রাসের বাঁধাধরা লক্ষ্যমাত্রা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।
কিন্তু শুক্রবার সিএনএন-আইবিএন নিউজ টেলিভিশন চ্যানেলে রমেশ বলেন, " আমাদেরকে বাস্তবতার পরিবর্তন অনুধাবন করতে হবে। ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে আইনগত-বাঁধাধরা জলবায়ু চুক্তি মানার অনুরোধ জানিয়ে আসছে বিভিন্ন উন্নয়নশীল দেশ।"
তবে ভারত এখনই এ লক্ষ্যমাত্রা মানার প্রতিশ্র"তি দিচ্ছে না উল্লেখ করে রমেশ বলেন, "আমরা অবস্থান কিছুটা পরিবর্তন করেছি...... আসুন বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাই। যাতে বাদবাকী বিশ্বের সেন্টিমেন্ট বুঝে নেওয়া যায়, আর নিজেরাও যাতে খারাপ প্রতীয়মান না হই।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও চীনের পর ভারতই বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ। দ্রুত অর্থনৈতিক উন্নয়নশীল দেশ ভারতের কয়লা চালিত বিদ্যুৎ প্রকল্প, পরিবহন ও শিল্পকলকারখানা থেকে নির্গত হচ্ছে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সইড। যা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৩ গ.
bdnews24