২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি প্রক্রিয়া সঙ্কটে, যুক্তরাষ্ট্রকে নিয়ে সন্দেহে ফিলিস্তিন

ফিলিস্তিন বুধবার বলেছে, ইসরায়েলের একগুঁয়েমির কারণে যুক্তরাষ্ট্র ইহুদি বসতিস্থাপন বন্ধ করানোর চেষ্টা ছেড়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 04:06 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

রামাল্লাহ, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ফিলিস্তিন বুধবার বলেছে, ইসরায়েলের একগুঁয়েমির কারণে যুক্তরাষ্ট্র ইহুদি বসতিস্থাপন বন্ধ করানোর চেষ্টা ছেড়ে দিয়েছে। এরপর যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আর সাহায্য করবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্র নতুন করে ইসরায়েলকে ইহুদি বসতিস্থাপন বন্ধে রাজি করাতে ব্যর্থতার কথা স্বীকার করার পর ফিলিস্তিন এ প্রতিক্রিয়া জানালো। ইসরায়েল সেপ্টেম্বরে পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন ১০ মাস বন্ধ রাখার সময়সীমা বাড়াতে অস্বীকৃতি জানানোর পর ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনা বন্ধ করে দেয়। মঙ্গলবার ওয়াশিংটন জানায় তারা ইসরায়েলকে নতুন করে বসতিস্থাপন বন্ধ করানোর চেষ্টা পরিহার করেছে। তবে এর মানে শান্তি প্রক্রিয়া সচল রাখার চেষ্টা বাদ দেওয়া নয় বলেও জানায়। কিন্তু যুক্তরাষ্ট্রের এ অবস্থান পরিবর্তন সম্পর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সহযোগী ইয়াসির আবেদ রাব্বো 'ভয়েস অব প্যালেস্টাইন' বেতারে এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের একগুঁয়েমির কারণে যুক্তরাষ্ট্র নীতি বদলেছে। তিনি প্রশ্ন তুলে বলেন, " যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কিছু সময়ের জন্য বসতিস্থাপন বন্ধ করাতে না পারলে তারা ইসরায়েলকে আন্তর্জাতিক প্রস্তাবনার ভিত্তিতে মধ্যপ্রাচ্য সঙ্কটের ভারসাম্যপূর্ণ দ্বিরাষ্ট্রিক সমাধানে রাজি করাতে পারবে কিভাবে?" ওদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেছেন, শান্তি প্রক্রিয়া যে সঙ্কটে পড়েছে তাতে সন্দেহ নেই। এথেন্স সফরকালে তিনি একথা বলেন বলে জানিয়েছে এএফপি বার্তা সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৭ ঘ.