২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্যাঞ্জকে কূটনৈতিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া

যৌন অপরাধের অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ মঙ্গলবার থেকে সাতদিনের রিমান্ডে রয়েছেন। কিন্তু এরই মধ্যে তাকে কূটনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 06:04 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

সিডনি, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌন অপরাধের অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ মঙ্গলবার থেকে সাতদিনের রিমান্ডে রয়েছেন। কিন্তু এরই মধ্যে তাকে কূটনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কেভিন রুড বুধবার এ কথা জানান। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, অ্যাস্যাঞ্জ লন্ডনে অস্ট্রেলীয় কনসুলার জেনারেলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কূটনৈতিক সহায়তা চেয়েছেন। রুড এবিসি রেডিওকে বলেন, "অস্ট্রেলিয়ার যে কোনো নাগরিকের জন্য আমরা যেমনটি করে থাকি তাকেও সে ধরনের কূটনৈতিক সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছি।" যৌন অপরাধের অভিযোগে সুইডিশ আদালত অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর মঙ্গলবার লন্ডনে আত্মসমর্পণ করেন তিনি। এরপর তিনি আদালতে জামিনের আবেদন করলে, আদালত তা নামঞ্জুর করে। এসময় আদালতে অস্ট্রেলীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে রুড জানান। রুড আরো জানান, অ্যাস্যাঞ্জকে সহায়তা ও তার আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কূটনৈতিক সফর ও অন্যান্য সহায়তা দেওয়ার জন্য অস্ট্রেলিয়া প্রস্তুত রয়েছে। আর এ বিষয়টি জানিয়ে শিগগিরই তাকে একটি চিঠি দেওয়া হবে। ৩৯ বছর বয়সী এ অস্ট্রেলীয় নাগরিক মার্কিন গোপন কূটনৈতিক বার্তা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েছেন। আগামী ১৪ ডিসেম্বর নতুন শুনানি না হওয়া আগ পর্যন্ত অ্যাস্যাঞ্জকে আটক থাকতে হবে। তবে অ্যাস্যাঞ্জ তার বিরুদ্ধে ওঠা যৌন অপরাধের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২০০ঘ.