নর্থ ক্যারোলিনা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জনপ্রিয় লেখিকা ও রাজনীতিবিদ জন এডওয়ার্ডের সাবেক স্ত্রী এলিজাবেথ এডওয়ার্ড মঙ্গলবার ৬১ বছর বয়সে মারা গেছেন।
তার পরিবার থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এলিজাবেথ ক্যান্সারে ভুগছিলেন। তিনি নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিলে নিজ বাসভবনে মারা যান। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়েছে, "আমরা আজ এলিজাবেথকে হারালাম। তবে তিনি পরিবারের সবার হৃদয়ে থাকবেন। আমরা তাকে ভালবাসি। তার মতো এমন উৎসাহদাত্রী ও প্রফুল্ল কাউকে কখনো দেখিনি।"
২০০৪ সালে প্রথমবারের মতো এলিজাবেথ এডওয়ার্ডের স্তন ক্যান্সার ধরা পড়লে এর চিকিৎসা করা হয়। ২০০৭ সালে নতুন করে আবার সংক্রমণ হয় এবং তা ছড়িয়ে পড়ে।
এলিজাবেথ 'রিসাইলেন্স' ও 'সেভিং গ্রেসেস' নামের দুইটি বই লিখেছেন।
এলিজাবেথের সাবেক স্বামী জন এডওয়ার্ড ২০০৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জন কেরির রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১২০ঘ.
bdnews24