২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদে অর্থায়নের মূল উৎস সৌদি আরব: উইকিলিক্স

বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসবাদের পেছনে ব্যবহার করা অর্থের মূল উৎস সৌদি আরব। এ ব্যাপারে গতবছর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সতর্কও করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 10:20 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসবাদের পেছনে ব্যবহার করা অর্থের মূল উৎস সৌদি আরব। এ ব্যাপারে গতবছর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সতর্কও করেছিলেন। মার্কিন গোপন কূটনৈতিক তথ্য ফাঁস করে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসসূত্রে এ খবর জানা গেছে। পাশাপাশি জঙ্গিদের কাছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলোর অর্থ সরবরাহ ঠেকানো সম্ভব হচ্ছে না বলে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা হতাশ বলেও রোববার একই তথ্যসূত্রে প্রতিবেদন প্রকাশ করেছে 'দ্য নিউ ইয়র্ক টাইমস'। গত ডিসেম্বরে হিলারির পাঠানো একটি গোপনবার্তায় পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব ও তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর নাগরিকেরা মৌলবাদী কর্মকাণ্ডের প্রধান সমর্থক। হিলারির বার্তায় বলা হয়, "সৌদি আরবের দাতা প্রতিষ্ঠানগুলোই বিশ্বব্যাপী সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থের মূল উৎস।" এই অর্থ আল কায়েদা, তালেবান ও লস্কর-ই-তাইয়েবার মতো জঙ্গি সংগঠনগুলো পেয়ে থাকে বলে ওই বার্তায় উল্লেখ করা হয় বলে বিবিসি জানিয়েছে। এ ছাড়া প্রকাশিত গোপন বার্তায় সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের জঙ্গি দমন প্রচেষ্টায় আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করা হয়। ফাঁস হওয়া একটি তথ্যে বলা হয়েছে, ২০০৯ সালের ডিসেম্বরে জঙ্গিদের কাছে অর্থ সরবরাহ বন্ধে কূটনীতিকদের প্রতি তাদের প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান হিলারি ক্লিনটন। আফগানিস্তান ও পাকিস্তানে স্থিতিশীলতার জন্য হুমকি এবং জোট সেনাদের ওপর হামলা ঠেকাতেই তিনি এ আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩১৪ঘ.