মানামা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট পদে আর লড়বেন না বলে শুক্রবার জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বর্তমান দায়িত্ব পালন শেষে নারীদের আইনি সহায়তার কাজে নিজেকে নিয়োজিত করবেন বলে জানান তিনি।
হিলারি এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান বলে এক প্রশ্নের জবাবে বাহারাইনে শিক্ষার্থীদের উদ্দেশে হাসিমুখে তিনি এসব কথা বলেন।
হিলারি বলেন, "না, আমি চাই না। আমি মনে করি, পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই জনগণের কাছে আমার শেষ অবস্থান। এই দায়িত্ব পালন শেষে আমি আমার আইন পেশায় ফিরে যাবো, বিশেষ করে নারী ও শিশুদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে কাজ করবো।"
গত দুই দশক ধরে ডেমোক্রেট পরিমণ্ডলে হিলারি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু তারপরও প্রথমবারের মতো হিলারি সরাসরি সরকারি কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বল্লেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের ভরাডুবির পর আগামীতে হিলালির প্রেসিডেন্ট পদে প্রার্থিতার বিষয়টি জোড়েসোরে উচ্চারিত হচ্ছিল।
ওবামা প্রশাসনের দুই বছরের শাসনালের মূল্যায়নে মধ্যবর্তী নির্বাচনকে অনেকে 'জনরায়' বলে অভিহিত করেছেন।
২০১১ সালের কোনো এক সময় রবার্ট গেটস মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলে আভাস দিয়েছেন। হিলারিকে গেটস'র স্থলাভিষিক্ত করার একটি সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। কিন্তু হিলারি এ বিষয়েও আগ্রহী নন বলে জানিয়েছেন।
সাবেক এই ফার্স্ট লেডি নিউ ইয়র্ক থেকে সিনেটরও নির্বাচিত হয়েছেন। পেশাগত জীবনে সব দায়িত্বই উপভোগ করেছেন জানালেও শুরুর দিকে নারী ও শিশুদের পক্ষে আইনজীবী হিসেবে যে দায়িত্ব পালন করেছেন সেটিই সবচেয়ে উপভোগ্য ছিল বলে জানান হিলারি।
হিলারি বলেন, "বিশ্বের অনেক স্থানে এখনো নারীদের ওপর যা হচ্ছে তা সত্যিই করুন, ভয়াবহ।"
তিনি আরো বলেন, "আমি সত্যিই ভাগ্যবান, এমন পিতা-মাতা পেয়েছি, আমার শিক্ষার সুযোগের জন্যও আমি ভাগ্যবান। এসব সুযোগ আমি পেয়েছি। এখন অন্যদের জীবন যেন উন্নত হয় তার জন্য কাজ করতেই আমার ভালো লাগবে।"
প্রেসিডেন্টের দায়িত্বকে অনেক কঠিন মন্তব্য করে হিলারি বলেন, "প্রত্যেক প্রেসিডেন্ট যখন দায়িত্বগ্রহণ করেন তখন তারা দেখতে কেমন থাকেন তা যদি লক্ষ করেন, দেখবেন অতি দ্রুত তাদের চুল পেকে গেছে। এটি এমনই এক কঠিন দায়িত্ব।"
এখন ওবামাই তার সর্বশেষ উদাহরণ উল্লেখ করে হিলারি মন্তব্য করেন তার (ওবামা) চুল বাদামি হয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৮ ঘ.
bdnews24