লন্ডন/স্টকহোম, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে যৌন অপরাধ মামলায় সুইডেনের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর নয় বলে বৃহস্পতিবার দাবি করেছেন তার আইনজীবী।
স্টকহোম অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে জারি করা প্রথম গ্রেপ্তারি পরোয়ানায় আইনি জটিলতা কাটিয়ে নতুন আরেকটি আদেশ জারির কথা জানানোর পরও আইনজীবী মার্ক স্টিফেনস এর কার্যকারিতা অস্বীকার করলেন।
গ্রেপ্তারি পরোয়ানায় গলদ থাকার কারণে অ্যাস্যাঞ্জ গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছেন বলে এর আগে জানিয়েছিলো সুইডিশ পুলিশ। কিন্তু সেই গলদ পরে শুধরানো হয়েছে বলেও জানায় তারা। আরেকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় অ্যাস্যাঞ্জ ব্রিটেনে আছেন।
কিন্তু অ্যাস্যাঞ্জের লন্ডনের আইনজীবী মার্ক স্টিফেনস অজ্ঞাতস্থান থেকে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, সুইডিশ, ইউরোপীয় কিংবা আন্তর্জাতিক আইনের আওতায় কার্যকর কোনো পরোয়ানা জারি নেই।
তিনি আরো বলেন, তার (অ্যাস্যাঞ্জ) বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। আছে ইন্টারপোলের রেড নোটিশ। এটি কোনো পরোয়ানা নয়। এটি হচ্ছে তার চলাফেরার ওপর নজর রাখার জন্য কর্তৃপক্ষকে সজাগ রাখার নোটিশ।
গ্রেপ্তারি পরোয়ানা আইনসঙ্গত না থাকায় এবং এতে ত্র"টি থাকায় স্কটল্যান্ড ইয়ার্ড (লন্ডনের পুলিশ সদরদপ্তর) তা ফেরত পাঠিয়েছে বলে দাবি করেছেন মার্ক।
অ্যাস্যাঞ্জ বেশিরভাগ সময়ই কাটিয়েছেন সুইডেনে। এ বছরের শুরুর দিকে তার বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ ওঠে। সুইডিশ কর্তৃপক্ষ এ অভিযোগ তদন্ত করে দেখছে। কিন্তু অ্যাস্যাঞ্জ সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৮ ঘ.
bdnews24