ওয়াশিংটন, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু কর্মসূচির ওপর আক্রমণ চালাতে যুক্তরাষ্ট্রকে বার বার তাগাদা দেন সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ।
উইকিলিকসের ফাঁস করে দেওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথি থেকে একথা জানা গেছে।
আড়াই লাখেরও বেশি গোপন নথি রোববার ফাঁস করে দিয়েছে উইকিলিকস।
এর আগে আফগান ও ইরাক যুদ্ধ নিয়ে হাজার হাজার মার্কিন গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তোলে এই ওয়েবসাইট।
যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত উইকিলিকসের ফাঁস করা নথিতে বলা হয়েছে, "পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করতে ইরানের ওপর হামলার জন্য বার বার তাগাদা দিয়েছেন বাদশাহ আব্দুল্লাহ।"
২০০৮ সালে জেনারেল ডেভিড পেত্রাউসের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত আদেল আল-জুবের বাদশাহ'র উদ্ধৃতি দিয়ে বলেন, "সাপের মাথা কেটে ফেলুন।"
হোয়াইট হাউস এ গোপন নথি প্রকাশের নিন্দা জানিয়ে বলেছে, এতে বিদেশে যুক্তরাষ্ট্রের গুপ্তচরদের জীবন হুমকির মুখে পড়বে।
উইকিলিকস দাবি করেছে, তাদের ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে। কয়েকটি বার্তা সংস্থায় কিছু নথি প্রকাশিত হলেও তাদের ওয়েবসাইটে রোববার রাতে কোনো নথি প্রকাশ হয়নি।
এবার প্রকাশিত নথিগুলোর মধ্যে অধিকাংশই ২০০৭ সাল ও তার পরবর্তী সময়ের বলে জানিয়েছে টাইমস পত্রিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১১৫৬ঘ.
bdnews24