২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ২১ কোম্পানির বিরুদ্ধে ঘুষ দুর্নীতির তদন্ত চলছে

ভারতে আর্থিক খাতে বড় অঙ্কের দুর্নীতিতে জড়িত থাকার সন্দেহে ২১ টি কোম্পানির বিরুদ্ধে সরকারি তদন্ত শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

নয়া দিল্লি, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে আর্থিক খাতে বড় অঙ্কের দুর্নীতিতে জড়িত থাকার সন্দেহে ২১ টি কোম্পানির বিরুদ্ধে সরকারি তদন্ত শুরু হয়েছে। টেলিযোগাযোগে খাতে দুর্নীতি কেলেঙ্কারিতে মন্ত্রীর পদত্যাগের ধাক্কা সামলাতে না সামলাতেই ভারতে আর্থিক খাতে ঘুষের বিনিময়ে ঋণ দুর্নীতির অভিযোগ উঠেছে। শুক্রবার ভারতের ফেডারেল 'সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন' (সিবিআই) এর এক উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, রিয়েল এস্টেট ফার্মসহ ২১ টি মাঝারি ও বৃহৎ কোম্পানির কাছে নোটিশ পাঠানো হয়েছে। এ কেলেঙ্কারিতে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা সে সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। এর আগে বুধবার সিবিআই আবাসন ঋণদানকারী সরকারি প্রতিষ্ঠান এলআইসি'র প্রধান নির্বাহীসহ পাঁচ কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে। ঘুষ নিয়ে বড় অঙ্কের কর্পোরেট ঋণ দিতে সহায়তা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ওই কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে তালিকাভুক্ত একটি বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের তিন শীর্ষ কর্মকর্তাকেও আটক করা হয়েছে। এ ঘুষ দুর্নীতিতে ভারতের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে টেলিযোগাযোগ খাতে দরপত্র আহ্বান না করে 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে বেসরকারি মোবাইল ফোন কোম্পানিকে ব্যবসার অনুমতি দেওয়ায় সরকার রাজস্ব হারিয়েছে বলে অভিযোগ উঠে টেলিকম মন্ত্রীর বিরুদ্ধে। সে অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি পদত্যাগ করেন টেলিযোগাযোগ মন্ত্রী আন্ডিমুথু রাজা। তার কয়েকদিনের মাথায় আর্থিক খাতে এ দুর্নীতির অভিযোগ উঠলো। সিবিআই'র যুগ্ম পরিচালক পি. কান্দাস্বামী বুধবার সাংবাদিকদের বলেন, "দুর্নীতি অনেক বড় অঙ্কের। কয়েক শ' মিলিয়ন ডলারের দুর্নীতি হয়েছে বলে আমাদের ধারণা।" তবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে দুর্নীতির বিষয়টি সামাল দিতে চাচ্ছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭২৪ ঘ.