দক্ষিণ কোরিয়া, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ঘোষণা পরিস্থিতিকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। উত্তর কোরিয়া শুক্রবার এ অভিযোগ করেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কেসিএনএ সংবাদ সংস্থা বলেছে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আবারো সামরিক মহড়ার বেপরোয়া পরিকল্পনার কারণে কোরীয় উপদ্বীপ পরিস্থিতি যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।
এতে আরো বলা হয়, উত্তর কোরিয়ার সেনাবাহিনী এবং জনগণ এ মুহূর্তে দক্ষিণ কোরিয়ার উস্কানিতে অত্যন্ত ক্ষুব্ধ। তারা আবারো ডিপিআরকে'র মান মর্যাদা ও স্বার্বভৌমত্বের ওপর চড়াও হলে শত্র"পক্ষের প্রতিরোধ ভেঙে দেওয়া হবে। তাছাড়া ভয়াবহ গোলাবৃষ্টি বইয়ে দিতেও উত্তর কোরিয়া পুরোদস্তুর প্রস্তুতি নিচ্ছে।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার গোলাবর্ষণের ঘটনার পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাৎক্ষণিকভাবে পীত সাগরে যৌথ মহড়া শুরুর ঘোষণা দেয়। এরই প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া কড়া ভাষায় এর জবাব দিলো।
উত্তর কোরিয়া এর আগেও এমন কড়া ভাষায় যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিরুদ্ধে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
কিন্তু এবার কোরীয় উপদ্বীপে টান টান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার এমন কঠোর প্রতিক্রিয়াকে হালকাভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
টেলিভিশনে ইতোধ্যেই ইয়োনপেয়োং এর কাছে গোলার শব্দ শোনা যাওয়ার খবর প্রচারিত হওয়ায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
তবে সেনাবাহিনী জানিয়েছে ওই গোলার শব্দ শোনা গেছে অনেক দূর থেকে। আর দক্ষিণ কোরিয়ার অংশে কোনো গোলা এসে পড়েনি। উত্তর কোরিয়া সম্ভবত গোলা হামলার মহড়া চালাচ্ছে বলে জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইয়োংপেয়োং দ্বীপে উত্তর কোরিয়ার দুশ' গোলাবর্ষণে দুই নৌসেনাসহ চারজন নিহত হয়, বেশ কিছু ঘরবাড়িও ধ্বংস হয়।
উত্তর কোরিয়ার এ গোলা হামলার পাল্টা জবাবে দক্ষিণ কোরিয়াও ৮০ টি গোলা ছোঁড়ে।
১৯৫৩ সালে শেষ হওয়া কোরীয় যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক গোলা বিনিময়ের ঘটনা।
এ ঘটনার পর দক্ষিণ কোরিয়া শক্ত জবাব দেওয়া হবে বলে উত্তর কোরিয়াকে হুমকি দেয়। ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয়।
বুধবার যুক্তরাষ্ট্রের ইউএসএস জর্জ ওয়াশিংটন যুদ্ধজাহাজটি টোকিও থেকে কোরীয় উপদ্বীপের অভিমুখে রওনা হয়। আগামী রোববার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১১২৪ ঘ.
bdnews24