২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন হামলার হুমকি উ. কোরিয়ার

উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়া আবারো উস্কানিমূলক সামরিক তৎপরতা চালালে কোনো ছাড় দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 05:34 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

সিউল, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়া আবারো উস্কানিমূলক সামরিক তৎপরতা চালালে কোনো ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ এই হুঁশিয়ারির কথা জানায়। সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে কেসিএনএ জানায়, "দক্ষিণ কোরিয়ার যুদ্ধবাজরা আবারো সামরিক উস্কানিমূলক কর্মকাণ্ড চালালে উত্তর কোরিয়া কোনো দ্বিধা না করেই দ্বিতীয় দফায়, এমনকি তৃতীয় দফায় হামলা চালাবে।" মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়া দুশ' গোলাবর্ষণ করে। ওই ঘটনায় দক্ষিণ কোরিয়ার দুই নৌসেনাসহ চারজন নিহত হয়। উত্তর কোরিয়ার এ গোলা হামলার পাল্টা জবাবে দক্ষিণ কোরিয়াও ৮০ টি গোলা ছোঁড়ে। ১৯৫৩ সালে শেষ হওয়া কোরীয় যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক গোলা বিনিময়ের ঘটনা। এ ঘটনার পর দক্ষিণ কোরিয়া শক্ত জবাব দেওয়া হবে বলে উত্তর কোরিয়াকে হুমকি দেয়। ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রও তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয়। বুধবার যুক্তরাষ্ট্রের ইউএসএস জর্জ ওয়াশিংটন যুদ্ধজাহাজটি টোকিও থেকে কোরীয় উপদ্বীপের অভিমুখে রওয়ানা হয়। আগামী রোববার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/কেএমএস/সিআর/১১২৪ ঘ.