বেইজিং, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যায় একটি কয়লা খনিতে রোববার আটকা পড়া ২৯ শ্রমিক জীবিত আছেন। সিনহুয়া সংবাদ সংস্থা সোমবার এ খবর জানিয়েছে।
উদ্ধারকর্মীরা পাম্পের সাহায্যে খনির ভেতর থেকে দ্রুত পানি সরানোর চেষ্টা চালাচ্ছেন। রোববার বিকাল থেকেই তারা পানি সরাচ্ছেন বলে জানা গেছে। এরফলে খনির অভ্যন্তরে বন্যার পানির উচ্চতা দ্রুত নেমে যাচ্ছে বলে রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন জানায়।
উদ্ধারকর্মী ও স্থানীয় খনিশ্রমিকরা আশা করছেন, আটকে উদ্ধার করতে দিনের শেষভাগ নাগাদ তারা খনির ভেতরে প্রবেশ করতে সক্ষম হবেন।
এর আগে প্রাদেশিক নিরাপত্তা ব্যুরোসূত্রে সিনহুয়া জানায়, সিচুয়ান প্রদেশের বাস্তিয়ান কয়লা খনির অভ্যন্তরে ৪১ জন কর্মরত ছিলেন। সেখানে আকস্মিক বন্যা দেখা দিলে ১৩ জন শ্রমিক বেড়িয়ে আসতে সক্ষম হন। কিন্তু বাকিরা আটকা পড়েন।
সর্বশেষ ২৯ জন খনি শ্রমিকের আটকে পড়ার খবর জানানো হলেও সংবাদমাধ্যমসূত্র ইতোপূর্বে ২৮ জন খনি শ্রমিকের আটকে পড়ার খবর নিশ্চিত করেছিল।
নিরাপত্তা ঘাটতিজনিত কারণে চীনের খনিগুলো বিশ্বের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী বলে পরিচিত। শুধু ২০০৯ সালেই দেশটিতে খনি দুর্ঘটনায় ২ হাজার ৬শ'রও বেশি শ্রমিকের প্রাণহানি ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৫ঘ.
bdnews24