লন্ডন, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবিরের বেশ কয়েকজন সাবেক বন্দিকে কয়েক মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দেবে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে।
সাবেক এই বন্দিদের অন্ততপক্ষে ৬ জন গুয়ানতানামো শিবিরে পৌঁছার আগেই তাদের ওপর নির্যাতনের ঘটনায় ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর সহযোগিতার অভিযোগ করেছে।
এদের মধ্যে কয়েকজন ব্রিটিশ নাগরিকও আছে যারা গুয়ানতানামোয় আটক ছিলো।
পাকিস্তানি বংশোদ্ভুত কয়েকজন ব্রিটিশ বন্দির অভিযোগ, পাকিস্তানের কাস্টডিতে তাদের ওপর নির্যাতনের ঘটনায় ব্রিটিশ বাহিনী সহযোগিতা করেছে।
নির্যাতন-নিপীড়নের অভিযোগে গুয়ানতানামোর সাবেক এ বন্দিরা ব্রিটিশ আদালতে দুটি অপরাধ মামলাসহ সরকারের বিরুদ্ধে আরো ১২ টি দেওয়ানী মামলা করেছে।
এ পরিস্থিতিতে সরকার দীর্ঘ ও ব্যয়বহুল মামলা এড়িয়ে আদালতের বাইরে বিষয়টি নিষ্পত্তি করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।
জুলাইয়ে সরকার অভিযোগকারীদের সঙ্গে বসে বিষয়টি নিস্পত্তি করা এবং ক্ষতিপূরণ দেওয়ার সম্ভবনার কথা জানায়।
তবে কতজনকে এ ক্ষতিপূরণ দেওয়া হবে সে ব্যাপারে সরকার কিছু জানাচ্ছে না বলে জানিয়েছে 'দ্য ইন্ডিপেনডেন্ট' পত্রিকা। এ ব্যাপারে মন্তব্যের জন্য কোনো সরকারি কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৫৪ঘ.
bdnews24