পোর্ট-অ-প্রিন্স, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-হাইতিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরায় মৃতের সংখ্যা নয় শ' ছাড়িয়েছে।
দেশটির ১০টি প্রদেশের ছয়টিতেই এখন ছড়িয়ে পড়েছে কলেরা।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ নভেম্বর পর্যন্ত কলেরায় নয় শ' ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ হাজার ৬ শ'র বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
হাইতির পশ্চিমাঞ্চলীয় হেমিস্পিয়ার স্টেটে প্রায় তিন সপ্তাহ আগে এ রোগটি দেখা দেয়।
কলেরা প্রথম শুরু হওয়া আর্তিবোনিতে প্রদেশেই এ পর্যন্ত প্রায় ছয় শ' মানুষের মৃত্যু হয়েছে।
কলেরা ছড়িয়ে পড়া অন্যান্য প্রদেশগুলো হচ্ছে, সেন্ত্রো ,নোর, নোর ওয়েস্ত,সু ও ওয়েস্ত।
ওয়েস্ত প্রদেশেই দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স অবস্থিত। রাজধানীতে গত ১২ জানুয়ারির ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনো সারেনি। সে অবস্থায় ছড়িয়ে পড়া কলেরা মহামারিতে এ পর্যন্ত সেখানে ২৭ জনের মৃত্যু হয়েছে।
রাজধানীতে তাবু ও ত্রিপলের নিচে বাস করছে ভূমিকম্পের আঘাতে গৃহহারা ১৩ লাখ মানুষ।
সে সব অসহায় মানুষের মধ্যে কলেরা ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে হাইতি সরকার ও ত্রাণ সংস্থাগুলো।
এক কোটি মানুষের এ দেশে প্রায় দুই লাখ মানুষ কলেরায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
এ রোগের কবল থেকে হাইতির মানুষকে বাঁচাতে আগামী বছর ১৬ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারের ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানায় সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১২১৮ ঘ.
bdnews24