ইয়াঙ্গুন, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের দমনমূলক এক রাষ্ট্রে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশ গৃহিণী থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মূর্ত প্রতীক হয়ে উঠেছেন যে নারী তিনি মিয়ানমারের গণতন্ত্রকামী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি।
গণতান্ত্রিক আন্দোলন চালাতে গিয়ে ৬৫ বছর বয়সী এ নেত্রী গত বিশ বছরের বেশির সময়ই থেকেছেন গৃহবন্দী।
১৯৯০ সালের জাতীয় নির্বাচনে তার দল 'ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি' সামরিক সরকারের বিরুদ্ধে যুগান্তকারী জয় অর্জন করে। কিন্তু ওই নির্বাচন মেনে নেয়নি জান্তারা।
এর ঠিক এক বছর পরই শান্তি নোবেল পান গণতন্ত্রকামী এ নেত্রী।
নোবেল কমিটি তাকে "ক্ষমতাহীনদের ক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত বলে অভিহিত করেন।" অং সান স ুচি মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামের নেতা জেনারেল অং সানের কন্যা।
১৯৪৫ সালের ১৯ শে জুন সু চি ইয়াংগুনে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন মিয়ামমার ও ভারতে। তার মা ভারতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত থাকায় তিনি সেখানে পড়াশোনা করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন।
১৯৭২ সালে মিশেল এরিসকে বিয়ে করার পর তার সময় কাটে ভূটান, ভারত ও জাপানে। এ সময়ই তাদের দুই ছেলে আলেকজান্ডার ও কিমের জন্ম হয়। এরপর তিনি অক্সফোর্ডে পাড়ি জমান।
১৯৮৮ সালের এপ্রিলে অসুস্থ মায়ের সেবা করার জন্য তিনি ইয়াংগুনে আসেন। এর আগে তার বেশিরভাগ সময়ই কেটেছে দেশের বাইরে। ওই সময়ে দেশে সামরিক সরকারের বিরূদ্ধে বিক্ষোভ গণতান্ত্রিক আন্দোলনে রূপ নেয়।
ওই বছর ২৬ শে আগস্ট ঐতিহাসিক শ্বেদাগন প্যাগোডায় বিক্ষোভরত জনতার উদ্দেশ্যে তিনি প্রথম ভাষন দেন। এ ভাষণের মধ্য দিয়েই মিয়ানমারবাসী প্রথম তার মধ্যে তার বাবার ছায়া খুঁজে পায়।
হাজারো জনতার উদ্দেশ্যে তিনি বলেন, "যা ঘটছে, এ অবস্থার আমার বাবার মেয়ে হিসেবে আমি চুপচাপ বসে থাকতে পারিনা।"
মিয়ানমারকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করেছিলেন তারই বাবা জেনারেল অং সান। আর বর্তমান সময়ে সামরিক শাসনের জাঁতাকল থেকে মুক্তির জন্য মিয়ানমারবাসীর আশার আলো সু চি।
বছরের পর বছর বছর ধরে স্বাধীনতা আন্দোলনের আদর্শ হিসেবে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা ও ভারতের মহাত্মা গান্ধী সু চির অনুপ্রেরণা। তার আত্মত্যাগ ও সংগ্রামও তাদের সঙ্গে তুলনীয়।
তাদের অহিংসার আদর্শে অনুপ্রাণিত হয়েই মিয়ানমারে শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংস্কারের জন্য সংগ্রাম করে এসেছেন তিনি।
জান্তা সরকারের নির্মম দমনপীড়নেরও থেমে থাকেনি তার পথচলা।
আপোসহীন এই নেত্রী একদিন বলেছিলেন, "আমার কাছে প্রকৃত স্বাধীনতা হচ্ছে ভয় থেকে মুক্তি এবং যদি তুমি ভীতিহীন জীবনযাপন করতে না পার তবে তা মর্যাদাপূর্ণ মানুষের জীবন নয়।"
তার গণতান্ত্রিক আন্দোলনে সবসময়ই এ অকুতোভয় মনোভাবের পরিচয় দিয়েছেন সু চি।
আর সে কারণেই ২০ বছর পর ২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে জান্তা সরকার তাকে দূরে সরিয়ে রাখার পরও জনগণের জন্য সম্ভাবনাময় আশার প্রতীক হয়ে আছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১১ ঘ.
bdnews24