ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শিশু যৌন নিপীড়নের ২১ হাজার স্থিরচিত্র রাখায় স্পেনের এক ক্যাথোলিক যাজককে আটক করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, স্পেনের পূর্বাঞ্চলীয় ভিলাফেমসের চার্চের কম্পিউটারে শিশু যৌন নিপীড়নের ২১ হাজার স্থিরচিত্র পেয়েছে পুলিশ।
ওই যাজকের নাম জানা যায়নি। তবে তিনি জামিনে ছাড়া পেয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
চার্চ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত যাজককে বরখাস্ত করা হয়েছে।
স্পেনের ইআই পেইস পত্রিকা চার্চের বিবৃতি উল্লেখ করে জানিয়েছে, "অভিযোগ সত্য হলে তা আমাদের গভীর মনোবেদনার কারণ হবে।"
সুষ্ঠু বিচারের জন্য যাজককে আইনি সহায়তার প্রস্তাবও দিয়েছে চার্চ কর্তৃপক্ষ বলে বিবৃতিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইউরোপের অনেক দেশে ও যুক্তরাষ্ট্রে ক্যাথোলিক চার্চগুলোতে শিশু যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও স্পেন বিষয়টি থেকে বরাবরই দূরে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪০৫ঘ.
bdnews24