তাইপে, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন শুই বিয়ানকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে সর্বোচ্চ আদালত।
চেনের স্ত্রী উ শু জেনকেও দুর্নীতির অভিযোগে একই সাজা দেওয়া হয়েছে। আদালত সূত্রে শুক্রবার একথা জানা গেছে।
দুই বছর ধরে কারাবন্দি চেন আদালতের এ রায় প্রত্যাখান করে বলেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
ভূমি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও রাজনৈতিক নিয়োগের অভিযোগে বৃহস্পতিবার বিকালে চেন দম্পতিকে এ সাজা দেয় আদালত।
তাদের বিরুদ্ধে মুদ্রা পাচার ও রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারেরও অভিযোগ রয়েছে।
তাইওয়ানের জাতীয়তাবাদী নেতা চেন স্বাধীনতার জোর দাবি তোলায় বেইজিং তার ওপর ক্ষুব্ধ হয়।
তাইওয়ানের ইতিহাসে চীনবিরোধী দলের একমাত্র প্রেসিডেন্ট চেন। তাই তার এ সাজার নির্দেশ আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০১২ সালে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এ স্থানীয় নির্বাচনকে।
২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন চেন চীনের কাছ থেকে তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা দাবি করে এবং চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রও তার ওপর নাখোশ হয়।
বর্তমানে তাইওয়ানের ক্ষমতাসীন ন্যাশনালিস্ট পার্টি চীনের সঙ্গে অনেক সমঝোতা করে চলছে এবং তারা চীনের সঙ্গে অনেকগুলো বাণিজ্য চুক্তি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২২৮ঘ.
bdnews24