সিউল, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয় জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা নতুন করে শুরু করতে উত্তর কোরিয়াকে আচরণ বদলাতে হবে। দেখাতে হবে তারা আলোচনার ব্যাপারে আন্তরিক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার একথা বলেছেন।
জি-টোয়েন্টি সম্মেলনে অংশ নিতে বর্তমানে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে এক সংবাদ সম্মেলনে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরতে চাওয়া উত্তর কোরিয়ার উদ্দেশে তিনি একথা বলেন।
দুই বছর আগে এই আলোচনা থেকে সরে যায় উত্তর কোরিয়া। কিন্তু বর্তমানে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এই দেশটি আবার আলোচনায় বসতে চাইছে।
কিন্তু দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বলে আসছে, আলোচনায় বসার আগে উত্তর কোরিয়াকে প্রথমেই তাদের পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্র"তি পূরণের ব্যাপারে আন্তরিকতা দেখাতে হবে।
সংবাদ সম্মেলনে ওবামা বলেন, উত্তর কোরিয়াকে অবশ্যই জাহাজ ডুবি বিষয়ে দক্ষিণ কোরিয়ার উদ্বেগকে বিবেচনায় নিতে হবে। পাশাপাশি উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। সেই সঙ্গে পরমাণু কর্মসূচি নির্মুলের যেসব শর্ত রয়েছে সেগুলোও পূরণ করতে হবে।
গত মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ 'চেরনান' টর্পেডোর আঘাতে ডুবে যায়। এতে প্রাণ হারান ৪৬ জন নাবিক। উত্তর কোরিয়াই এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হয়।
আন্তর্জাতিক একটি দলের তদন্তেও দেখা গেছে, এর জন্য উত্তর কোরিয়াই দায়ী। কিন্তু বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে দেশটি।
ছয় জাতি পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি আলোচনায় অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০৫ঘ.
bdnews24