নাইরোবি, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কেনিয়ায় উন্মত্ত এক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন।
হত্যাকাণ্ডের পর ওই কর্মকর্তা আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু গুলি শেষ হয়ে যাওয়ায় ব্যর্থ হয়ে আত্মসমর্পণ করেন।
রাজধানী নাইরোবির উত্তরপূর্বাঞ্চলীয় ছোটো শহর সিয়াকাগোর বেশ কয়েকটি বারে ঢুকে ঐ কর্মকর্তা এলোপাতাড়ি গুলি চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কেনিয়ার নিয়মিত পুলিশ বিভাগের উপমুখপাত্র চার্লস ওয়িনো বলেন, "সিয়াকাগোর কয়েকটি বারে ঢুকে গুলি চালিয়ে তিনি ১০ জনকে হত্যা করেছেন। তিনি একের পর এক বারগুলোতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন।"
তিনি আরো বলেন, "নিহত ১০ জনের মধ্যে তার দুই সহকর্মীও রয়েছে।"
গুলিবিদ্ধ কেউ বেঁচে নেই বলেও জানান তিনি।
ওয়িনো আরো জানান, জেলা কমিশনারের বাসারক্ষীর দায়িত্ব পালন শেষে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
ওই কর্মকর্তা প্রাদেশিক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।
কেনিয়ার নিয়মিত পুলিশ বিভাগ থেকে আলাদা প্রাদেশিক পুলিশ প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৬৩২ ঘ.
bdnews24