ইসলামাবাদ, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি তালেবান বিদ্রোহ সামলাতে হিমশিম পাকিস্তান সরকারকে নতুন করে বিপাকে ফেলেছে জ্বালানি সঙ্কট।
পাকিস্তানের জ্বালানি সঙ্কট শীত মৌসুমে আরো তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। আর এমন হলে আরেক দফায় ক্ষুন্ন হবে সরকারের বিশ্বাসযোগ্যতা।
জ্বালানি স্বল্পতার কারণে সব দিক থেকেই চাপের মুখে আছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রশাসন। লোডশেডিং বন্ধ করার দাবি জানিয়ে আসছে সবাই।
আইএমএফ ২০০৮ সালে ১১ বিলিয়ন ডলার প্যাকেজ সহায়তা দিয়ে পাকিস্তানের অর্থনীতি সচল রেখেছে। তারা চাইছে জনগণের অনিচ্ছা সত্ত্বেও সরকার বিদ্যুৎ খাতে তহবিল বাড়ানোর জন্য শুল্ক বাড়ানোর মতো কিছু পদক্ষেপ নিক।
পাকিস্তানের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের জন্য এ ধরনের পদক্ষেপ অপরিহার্য। কিন্তু এ পদক্ষেপে ক্ষেপে উঠতে পারে জনগণ।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থনীতিবিদ সায়েম আলীর মন্তব্য, "আসলেই এতে সরকারের রাজনৈতিক সদিচ্ছায় ভাটা পড়ে। এখন পর্যন্ত আমরা দেখলাম না যে সরকার এ সমস্ত সংস্কার কাজে হাত দিতে পেরেছে।"
"জ্বালানি নিয়ে সবাই হতাশ। এ ব্যাপারে সরকারের কোনো সুস্পষ্ট কৌশল বা নীতিমালা নেই। এ খাতে কোনো বিনিয়োগও নেই।"
আইএমএফ ও অন্যান্য দাতাদেশগুলোর আস্থা অর্জন করা পকিস্তানের জন্য জরুরি। কারণ, ইতোমধ্যেই বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের ১০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি সামলাতে অর্থনৈতিক সাহায্য দরকার।
কিন্তু এ সাহায্য পেতে গেলে পাকিস্তানকে অজনপ্রিয় কিছু সিদ্ধান্ত নিতেই হবে। আইএমএফ ইতোমধ্যেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য পাকিস্তানকে নতুন করে চাপ দিয়েছে।
পাকিস্তানের জন্য প্রতিশ্র"ত সাহায্যের ষষ্ঠ কিস্তি দেওয়ার আগে আইএমএফ চায় জারদারি আরজিএসটি (রিফর্মড জেনারেল সেলস ট্যাক্স) পদ্ধতি বাস্তবায়ন করুক।
পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, শীত মৌসুমে পাকিস্তানে দৈনিক প্রায় ১ বিলিয়ন কিউবিক ফিট গ্যাস স্বল্পতা দেখা দেবে। আর বিদ্যুতের চাহিদা বাড়বে বছরে প্রায় ৮ শতাংশ। ২০১৫ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়াবে প্রায় ৩৬ হাজার মেগাওয়াট।
বর্তমান উৎস থেকে পাকিস্তান বিদ্যুৎ উৎপাদন করে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট।
বিদ্যুৎ ও গ্যাস সমস্যা এতটাই প্রকট যে, পাকিস্তানের সর্ববৃহৎ শহর করাচির শিল্পপতিরা বুধবার সাধারণ ধর্মঘটে যাওয়ার হুমকি দেয়। পরে সরকার বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর আশ্বাস দিলে তারা ধর্মঘট পিছিয়ে দেয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, প্রতিশ্র"তিই যথেষ্ট নয়।
বিদ্যুৎ সমস্যার কারণে এ বছর পাকিস্তানে সহিংস বিক্ষোভ হয়েছে।
এপ্রিলে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টায় বিভিন্ন সরকারি কার্যালয়ে বাতি নিভিয়ে রাখা এবং এয়ারকুলার বন্ধ রাখাসহ বিভিন্ন বিপণীবিতান রাত ৮ টার মধ্যে বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়েও বিদ্যুৎ সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।
অর্থনৈতিক টানাপোড়েন, দুর্নীতি এবং নিরাপত্তায় হুমকি জ্বালানি খাতে বিনিয়োগ আকৃষ্ট করার পথে পাকিস্তান সরকারের জন্য বড় বাধা। ফলে সরকারকে ইরান থেকে চড়া মূল্যে গ্যাস আমদানি করার কথা ভাবতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৯ ঘ.
bdnews24