নিউ ইয়র্ক, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেখার রসদ সংগ্রহ করতে আর বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরবেন না নোবেলজয়ী সাহিত্যিক ভিএস নাইপল।
গত ৫০ বছর ধরে সাহিত্যে বিশ্বের নানা অঞ্চলের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসের শৈল্পিক উপস্থাপনে বিশ্ববাসীকে বিস্মিত করেছেন তিনি।
তার ৩০টিরও বেশি সাহিত্যকর্ম সেই কীর্তির চিহ্ন বহন করছে।
আফ্রিকানদের ধর্ম ও বিশ্বাসের ওপর লেখা তার সর্বশেষ বই 'দ্য মস্ক অব আফ্রিকা' এ ধরনের শেষ বই বলে ধারণা করা হচ্ছে।
বই লেখার রসদ সংগ্রহের জন্য বিশ্বব্যাপী পরিভ্রমণ করেছেন নাইপল। সেজন্য মাতৃভূমি ত্রিনিদাদ থেকে ইংল্যান্ড, ভারত, ইরান, মালয়েশিয়াসহ অনেক দেশ ভ্রমণ করেছেন তিনি।
কিন্তু এই শিল্পপর্যটন আর সম্ভব নয়, ৭৮ বছর বয়সী নাইপল তাই বলেন, "ঘোরাঘুরির দিন শেষ হয়েছে।"
নিউ ইয়র্কে রয়টার্সকে তিনি বলেন, "এ ধরনের আরেকটি বই লেখার বয়স আমার নেই। এটা খুব ঝক্কির কাজ।"
গ্যাবনে আর হাঁটতে না পেরে একটি আফ্রিকান ঠেলাগাড়িতে চড়ে যে অভিজ্ঞতা হয়েছে, তার আর পুনরাবৃত্তি চান না বলে জানান নাইপল।
তিনি বলেন, "আপনি জানেন, আফ্রিকা কোনো সুখের জায়গা নয়। সুখের কোনো জায়গা কাজের গতি বাড়িয়ে দেয়, বুদ্ধিকে করে তোলে প্রখর। কিন্তু আফ্রিকা ভ্রমণের অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো বলে আমার মনে হয় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭১৫ ঘ.
bdnews24