কাবুল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ইরানের কাছ থেকে অর্থ পাওয়ার স্বীকারোক্তি দেওয়ার পর এবার ইরানও কাবুলকে অর্থ সাহায্য দেওয়ার কথা স্বীকার করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত মঙ্গলবার বলেছেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য ইরান কিছু সময়ের জন্য অর্থ সহায়তা দিয়ে আসছে।
সাপ্তাহিক এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "ইরান আফগানিস্তানকে সাহায্য করছে এবং করে যাবে।"
এর আগে সোমবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সাহায্য হিসেবে ইরানের কাছ থেকে অর্থ প্রাপ্তির কথা স্বীকার করেন।
কারজাই বলেন, বছরে একবার বা দুইবার ইরান থেকে তার কার্যালয়ে ৫-৭ লাখ ইউরো (৩৬০,০০০-৯৭৫,০০০ ডলার) আসে।
কাবুলে এক সাংবাদিক সম্মেলনে কারজাই বলেন, প্রেসিডেন্ট প্রসাদের রক্ষণাবেক্ষণ এবং তার কার্যালয় চালাতে এ অর্থ ব্যয় করা হয়েছে।
তিনি বলেন, অনেক বন্ধু দেশই প্রেসিডেন্টের কার্যালয় চালানো ও অন্যান্য ব্যয় মেটাতে অর্থ সাহায্য করে থাকে। ইরান সরকারও তেমনি প্রতি বছর অর্থ সাহায্য করে আসছে।
শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় কারজাই একথা বলেন।
আফগান ও পশ্চিমা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ঐ খবরে বলা হয়েছে, তেহরান কারজাইয়ের সহযোগীদেরকে মোটা অঙ্কের অর্থ দিয়ে আসছে।
মোটা অঙ্কের এই অর্থ গোপন তহবিল হিসাবে আফগান আইনপ্রণেতা, আদিবাসী বায়োজ্যষ্ঠ এমনকি তালেবান কমান্ডারদের হাতে যায় বলেও উল্লেখ করা হয় নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ঐ প্রতিবেদনে।
কাবুলের ইরানি দূতাবাস ইতোপূর্বে ইরানের কাছ থেকে আফগানিস্তানের নিয়মিত অর্থ গ্রহণের এ মার্কিন প্রতিবেদনের তীব্র বিরোধিতা করেছিলো। পশ্চিমা গণমাধ্যম ভিত্তিহীন সব উদ্ভট খবর রটাচ্ছে বলে অভিযোগ করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৪০ ঘ.
bdnews24