বেইজিং, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া কারাবন্দি লিউ জিয়াবোর স্ত্রী এক খোলা চিঠিতে জিয়াবোর পক্ষে পুরস্কার গ্রহণের জন্য তার বন্ধুদের প্রতি আহ্বান জানিয়েছেন। এক মানবাধিকারকর্মী মঙ্গলবার এ কথা জানান।
বিদেশ ভিত্তিক গণতন্ত্রপন্থী এক ওয়েবসাইটে প্রেরিত এই খোলা চিঠিতে নির্বাসিত শতাধিক চীনা আইনজীবী ও অধ্যাপকের প্রতি জিয়াবোর পক্ষে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
এএফপিসূত্রে জানা গেছে, চিঠিতে জিয়াবোর স্ত্রী লিউ জিয়া লিখেছেন, "বর্তমান পরিস্থিতি বিচারে, জিয়াবো এবং আমার পক্ষে এই পুরস্কার গ্রহণের সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু আমি বিশ্বাস করি, জিয়াবো নিশ্চিত ভাবেই চান, তার বন্ধুরা সেই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিক।"
জিয়া চিঠিতে আরো জানান, "তাই ১০ ডিসেম্বর অসলোতে অনুষ্ঠেয় শান্তি পুরস্কার গ্রহণের ক্ষণটিতে জিয়াবোর বন্ধুদের উপস্থিত থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।"
তবে এই চিঠি জিয়াবোর স্ত্রীরই লেখা কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি এএফপি। কারণ শান্তি পুরস্কার ঘোষণার দিন থেকেই জিয়াবোর স্ত্রীকে গৃহবন্দি করে রেখেছে চীনা সরকার। তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সম্ভব হচ্ছে না।
চীনে একদলীয় শাসনের পরিবর্তে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য প্রচারাভিযান চালানোর অভিযোগে লিউ জিয়াবো কারাবন্দি রয়েছেন। এ অভিযোগে তাকে বছর ১১ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তিনি এখন এই সাজা ভোগ করছেন।
১৯৮৯ সালে চীনে তিয়েনআনমেন স্কয়ারের বিক্ষোভে অন্যতম নেতা ছিলেন লিউ। সে সময়ও কারাদণ্ড এবং গৃহবন্দিত্বের মুখে পড়েন তিনি।
শান্তি পুরস্কার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ আন্তর্জাতিক অনেক ব্যক্তিত্ব জিয়াবোকে মুক্তি দেওয়ার জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এমন কী সরকারের কাছে খোলা চিঠি পাঠিয়েছে চীনের প্রায় দু'শো ভিন্নমতাবলম্বী ও মানবাধিকার কর্মী।
কিন্তু চীন জিয়াবোর নোবেল পাওয়ার বিরুদ্ধে শুরু থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে। জিয়াবোকে অপরাধী আখ্যা দিয়েছে তারা। সেইসঙ্গে নোবেল পুরস্কারের জন্য তার নাম ঘোষণা চীনের ভাবমূর্তি ক্ষুন্ন করার পশ্চিমাদের কৌশল বলেও অভিযোগ করে বেইজিং।
জিয়াবোর নোবেল শান্তি পুরস্কারকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে অনেক মানবাধিকার কর্মীকে আটকও করা হয়েছে। তারা পুলিশি হয়রানির শিকার হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ঘ.
bdnews24