প্যরিস, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোরি ডটকম/রয়টার্স)- ফ্রান্সের সিনেট শুক্রবার পেনশন বিধি সংস্কার বিল পাস করেছে। নতুন আইনে ফ্রান্সে অবসরে যাওয়ার বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা ছাড়াও আরও কিছু সংস্কার আনা হয়েছে।
এ বিল পাসের মধ্য দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার অটল অবস্থানে জয় পেলেও শ্রমিক ইউনিয়নগুলো এ বিলের বিরূদ্ধে আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
উচ্চ কক্ষে এ বিলটি উত্থাপিত হলে ১৭৭ জন সিনেটর এর পক্ষে এবং ১৫৩ জন বিলটির বিরূদ্ধে ভোট দিয়েছেন।
সিনেটে যখন এ বিলটি নিয়ে বিতর্ক চলছে তখন এর প্রতিবাদে তেলের ডিপোগুলোতে বেশ কয়েকদিন ধরে চলা অবরোধ ভাঙার জন্য পুলিশ পাঠিয়েছে দেশটির কনজারভেটিভ সরকার।
ফ্রান্সের এ পেনশন বিধি সংস্কার ইউরোপ জুড়ে ব্যয় সংকোচন পরিকল্পনারই অংশ। নতুন বিধি অনুযায়ী ফ্রান্সের চাকুরীজীবীদের পেনশন পেতে হলে আরো দুই বছর অতিরিক্ত কাজ করতে হবে।
সিনেটে এ বিলটির অনুমোদনের অর্থ হলো জয়েন্ট পার্লামেন্টারি কাউন্সিল ও একটি সাংবিধানিক কাউন্সিলের স্বাক্ষরের পর শীঘ্রই এ বিলটি আইনে পরিণত হবে।
ফ্রান্স সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করা এবং পূর্ণ অবসর ভাতা গ্রহণের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার পরিকল্পনা করেছে।
সরকারি ব্যয় কমিয়ে বাজেট ঘাটতি কমানোর জন্য এ পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু শ্রমিকরা এ পরিকল্পনা মানতে রাজি নয়।
কিন্তু সরকারি এ পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ-ধর্মঘট তীব্র আকার ধারণ করলেও সারকোজি পেনশন সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের পথেই এগুনোর সিদ্ধান্তে অটল রয়েছেন।
সারকোজি বলেন, সংস্কার জরুরি এবং ফ্রান্স তা বাস্তবায়নে প্রতিশ্র"তিবদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২০২৫ ঘ.
bdnews24