ব্রাসেলস, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- কিউবার ভিন্নমতাবলম্বী গুইলারমো ফারিনাসকে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সাখারভ মানবাধিকার পুরস্কারে ভূষিত করা হয়েছে।
কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে ফারিনাসের অনশনের কারণে চাপে পড়ে এ বছর ৫২ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়েছে হাভানা।
টানা ১৩৫ দিন অনশনের পর কিউবা সরকার বন্দীদের মুক্তি দিতে রাজি হওয়ায় জুলাই মাসে অনশন ভাঙেন ফারিনাস।
পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট জার্জি বুজেক বলেছেন, কিউবায় পরিবর্তন আনতে বাধ্য করার জন্য ফারিনাস সবসময় নিজের স্বাস্থ্য এমনকি প্রাণের ঝুঁকি নিয়েও ত্যাগ করতে প্রস্তুত ছিলেন।
মানবাধিকার রক্ষার লড়াইয়ে ৪৮ বছর বয়সী ফারিনাস এ পর্যন্ত ২০ বারেরও বেশি অনশন করেছেন এবং ১১ বছরেরও বেশি সময় কারাভোগ করেছেন।
একাধারে মনোস্তত্ত্ববিদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ফারিনাস বিভিন্ন সময়ে দাবি আদায়ে বারবার অনশন করতে যেয়ে সঙ্কটাপন্ন অবস্থায় পড়েছেন।
সাবেক সোভিয়েত ইউনিয়নের ভিন্নমতাবলম্বী আন্দ্রেই সাখারভের নামানুসারে ১৯৮৮ সাল থেকে এ পুরস্কার চালু করে ইউরোপীয় ইউনিয়ন। সাখারভ পুরস্কারের অর্থমূল্য হিসেবে ৫০ হাজার ইউরো পাবেন ফারিনাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএমটি/২১২০ ঘ.
bdnews24