রামাল্লাহ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পূর্ব জেরুজালেমে নতুন করে আরো ২৩৮টি ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েল। এর প্রতিবাদে শুক্রবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন ।
ইসরায়েল শান্তির বদলে বসতিস্থাপনই বেছে নিচ্ছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাত।
ইসরায়েল বৃহস্পতিবার নতুন বসতি নির্মাণের টেন্ডার দিয়েছে।
পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু অংশে এ নতুন বসতি নির্মাণ করা হবে। অঞ্চল দুটি হচ্ছে, পিসগাত জিভ ও রামোস।
ইসরায়েলের এ পদক্ষেপে ২ সেপ্টেম্বরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় অচলাবস্থা কাটিয়ে তা আবার শুরু করা আরো কঠিন হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ ১০ মাস বন্ধ রাখার সময়সীমা শেষ হওয়ার পর আবার ইসরায়েলের বসতিস্থাপন শুরুর কারণে শান্তি আলোচনা স্থবির হয়ে আছে।
তার ওপর নতুন আরো বসতি নির্মাণের এ পরিকল্পনায় শান্তি আলোচনা পুনরায় শুরুর সব সুযোগ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন।
এরাকাত এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরো ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনায় রাজি হয়ে শান্তির চেয়ে বসতিস্থাপনকেই প্রধান্য দিয়েছেন। আর আজ কোনো আলোচনা কেনো হচ্ছে না তাও দেখিয়ে দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৩ ঘ.
bdnews24