ব্রাসেলস, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করতে চায় ইরান।
ইউরোপীয় ইউনিয়ন নভেম্বরের মাঝামাঝি সময়ে ভিয়েনায় এ আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দেওয়ার পর ইরান এ আগ্রহ জানালো।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি শুক্রবার ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, "আপনারা জানেন যে, আমাদের দিক থেকে অক্টোবর বা নভেম্বর বিশ্বশক্তিগুলোর সঙ্গে পরমাণু আলোচনা নতুন করে শুরুর জন্য সুবিধাজনক সময় বলে আমি ঘোষণা করেছি।"
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন নভেম্বরের মাঝামাঝি আলোচনার প্রস্তাব দেয়।
বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর চতুর্থ দফা নিয়েধাজ্ঞা আরোপ করেছে। তাছাড়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও দেশটির ওপর এককভাবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে আশঙ্কা পশ্চিমা বিশ্বের।
কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালানো হচ্ছে বলে দাবি করে আসছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৫৭ ঘ.
bdnews24