বেইজিং, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এপি)-শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া কারাবন্দি লিউ জিয়াবোর মুক্তি চেয়ে সরকারের কাছে খোলা চিঠি পাঠিয়েছে চীনের প্রায় দু'শো ভিন্নমতাবলম্বী ও মানবাধিকার কর্মী।
বৃহস্পতিবার দিনের শেষভাগে প্রকাশিত এবং অনলাইনে পাঠানো এ চিঠিতে জিয়াবোর শান্তি পুরস্কার পাওয়াকে বাস্তবিক ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য চীনের নেতাদেরকে আহ্বান জানানো হয়েছে।
অবিলম্বে জিয়াবোর মুক্তির আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়েছে, নোবেল শান্তি পুরস্কারের জন্য জিয়াবো চমৎকার নির্বাচন। তিনি চীনে গণতান্ত্রিক ও সাংবিধানিক সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করেছেন।
কিন্তু চীন জিয়াবোর নোবেল পাওয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। জিয়াবোকে অপরাধী আখ্যা দিয়েছে তারা। সেইসঙ্গে নোবেল পুরস্কারের জন্য তার নাম ঘোষণা চীনের ভাবমূর্তি ক্ষুন্ন করার পশ্চিমাদের কৌশল বলেও অভিযোগ করেছে বেইজিং।
চীনে রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়ে দেশে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছেন লিউ জিয়াবো।
এক সপ্তাহ আগে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জিয়াবোর নাম ঘোষণার পর চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একদল সদস্য দেশে আরো বাকস্বাধীনতার অধিকার দাবি করেছেন।
জিয়াবোর নোবেল শান্তি পুরস্কারকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে অনেক মানবাধিকার কর্মীকে আটক করা হচ্ছে এবং তারা পুলিশী হয়রানির শিকার হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
তাছাড়া সর্বশেষ প্রকাশিত মানবাধিকার কর্মীদের এ চিঠি প্রকাশের আগে থেকেই তা নিয়ে হুমকি পাচ্ছেন বলে জানান 'চাইনিজ অ্যাকাডেমি অফ সোস্যাল সাইন্সেস'র অধ্যাপক জু ইয়োউ। তিনি চিঠিটি লেখার সঙ্গে জড়িত ছিলেন এবং তাতে সই করেছেন।
এসব আইন বহির্ভূত পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য চিঠিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
জু টেলিফোনে বার্তা সংস্থা এপিকে বলেন, "আমাদের কিছু বলার অধিকার আছে বলে আমরা মনে করি। কিন্তু সরকার একই কাজ করে যাচ্ছে।"
১২০ জনের বেশি মানুষ চিঠিতে সই করেছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৪৪ ঘ.
bdnews24