২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য বিমোচনে সহায়ক মোবাইল ফোন

উন্নয়নশীল দেশগুলোতে দরিদ্র মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটাতে পারে মোবাইল ফোন। এমন কথাই বলছে বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের এক গবেষণা প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 10:29 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

জেনেভা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উন্নয়নশীল দেশগুলোতে দরিদ্র মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটাতে পারে মোবাইল ফোন। এমন কথাই বলছে বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের এক গবেষণা প্রতিবেদন। তথ্য আদান-প্রদানের অন্য যে কোনো মাধ্যমের চেয়ে মোবাইল ফোনের বিস্তার ঘটছে অনেক গুণ বেশি হারে। 'ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট' (ইউএনসিটিএডি) সম্মেলনের অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে কার্যকর পদ্ধতিতে মোবাইল ফোনের ব্যবহার কিভাবে সাধারণ মানুষের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে পারে তার জন্য বিভিন্ন দেশের সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া উচিত। ইউএনসিটিএডি'র মহাসচিব সুপাচাই পানিৎচপাকদি এ প্রতিবেদনের ওপর এক সংবাদ সম্মেলনে বলেন, এ বছর বিশ্বে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৫ শ' কোটিতে পৌঁছবে। অর্থাৎ, পৃথিবীর প্রায় প্রতিজনে একটা করে মোবাইল ফোন থাকবে। উন্নত দেশগুলোতে এক শ' শতাংশ মানুষই মোবাইল ফোন ব্যবহার করে এবং অনেকে একাধিক মোবাইল ব্যবহার করেন বলেও জানান তিনি। প্রতিবেদনে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোতে ৫৮ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে এবং মোবাইল গ্রাহকের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। আর দরিদ্র দেশগুলোতে অল্প কয় বছরেই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা মাত্র ২ শতাংশ থেকে ২৫ শতাংশে পৌঁছেছে। স্বল্পোন্নত দেশগুলোতে ক্ষুদ্র ব্যবসা, দরিদ্রদের কাজের সংস্থান ও সব ধরনের তথ্য আদান-প্রদানের মাধ্যমে সাধারণ মানুষ তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬২৩ ঘ.