মুলতান, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- পাকিস্তানে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে হত্যার পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে ৭ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক শীর্ষ পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার এ দাবি করেছেন।
আঞ্চলিক পুলিশ প্রধান আবিদ কাদরি জানান, গিলানিসহ অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা প্রায় শেষের পথে ছিলো।
তিনি বলেন, গিলানি তার নিজ শহর মুলতানে যাওয়ার সময় তাকে হত্যার পরিকল্পনা করছিলো জঙ্গিরা।
এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানান নি। এ পরিকল্পনার কোনো প্রমাণও কাদরি দেননি।
তিনি কেবল বলেন, বুধবার গ্রেপ্তার করা ৭ জঙ্গিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় কর্তৃপক্ষ এ হত্যা পরিকল্পনার কথা জানতে পেরেছে।
পাকিস্তানের মধ্যাঞ্চলে একটি গ্রামে গাড়িতে নিয়মিত পুলিশী তল্লাশিকালে জঙ্গিরা গুলি ছুড়লে পরে তাদেরকে পাকড়াও করা হয়।
কাদরি জানান, এ জঙ্গিরা পাকিস্তানে নিষিদ্ধ সুন্নি মুসলিম জঙ্গি দল লস্কর-ই-জঙ্গভি'র সদস্য।
তারা প্রধানমন্ত্রী গিলানিসহ পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং ধর্ম বিষয়ক মন্ত্রীকেও হত্যার পরিকল্পনা করেছিলো। তাছাড়া একটি বাঁধ, সেতু এবং সামরিক ঘাঁটিতেও হামলা পরিকল্পনা ছিল তাদের।
সূত্র: এপি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৫৯ ঘ.
bdnews24