কোপিয়াকো, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চিলির দুর্ঘটনা কবলিত সান হোসে খনিতে আটকা পড়া ৩৩ শ্রমিককে উদ্ধারের পর দেশজুড়ে আনন্দের বন্যা বইছে। জাতীয় বীরের মর্যাদায় তাদের স্বাগত জানিয়ে বৃহস্পতিবার উৎসবে মেতে উঠেছে পুরো জাতি।
বুধবার দিনের শেষভাগে ৩৩ শ্রমিককে ভূ-পৃষ্ঠের ২ হাজার ৫০ ফুট গভীর থেকে বের করে আনার কাজ শেষ হয়। ৫ আগস্ট থেকে ভূগর্ভের অন্ধকার কূপে আটকে ছিলেন তারা। মুক্তি মিলেছে ৬৯ দিনের মাথায়।
সুড়ঙ্গ পথে ক্যাপসুল লিফটে করে এক একজন শ্রমিককে বের করে আনা হয়। প্রথমজনকে বের করার পর থেকে শেষজনকে বের করা পর্যন্ত মোট ২২ ঘণ্টা সময় লেগেছে।
মাটির নিচে এতো দীর্ঘ সময় আটকে থাকা এ শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধারের ঘটনা বিশ্বের ইতিহাসে এটাই প্রথম।
তাই সারা পৃথিবীর মানুষের দৃষ্টি ছিলো খনিশ্রমিকদের উদ্ধার কার্যক্রমের দিকে। বিশ্ব সংবাদ মাধ্যমও লেগে থাকে তাদের বের করে আনার সংবাদ প্রচারে।
একে একে ৩৩ জন খনি শ্রমিক উদ্ধার পাওয়ার পর তাদের জাতীয় বীরের মর্যাদায় স্বাগত জানিয়েছে চিলি।
লাল, সাদা ও নীল রঙের জাতীয় পতাকা উড়িয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছে হাজার হাজার মানুষ। কোপিয়াকোর প্রধান চত্বর ভাসছে আনন্দের বন্যায়।
উৎসবে অংশ নেওয়া ৫১ বয়সী লুইস পিনা বলেন, "তারা সবাই জীবিত ফিরে এসেছে। এটি অসাধারণ ঘটনা।"
৬৯ দিন খনিকূপে আটকে থাকার পর স্বভাবতই শারিরীক এবং মানসিকভাবে শ্রমিকদের ভেঙে পড়ার কথা। কিস্তু তা হয়নি। শ্রমিকদের বেশিরভাগই সুস্থ্য রয়েছেন। সামগ্রিকভাবে তাদের শারিরীক অবস্থা অপ্রত্যাশিতরকম ভালো।
বন্দিদশার ক্লেশকর যন্ত্রণা কাটিয়ে উঠেছেন তারা।
উদ্ধারঅভিযানের পর শ্রমিকদেরকে একটি হাসপাতালে বিশ্রামে রাখা হয়েছে। শ্রমিকদের একজনের নিউমোনিয়া হয়েছে। অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে তার চিকিৎসা চলছে।
খনি শ্রমিক মারিও সাপুলভেডা এবং মারিও গোমেজ রোগাক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের ডাক্তাররা। তবে চিলি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৩৩ ঘ.
bdnews24