২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে ট্রেন-বাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৩

ইউক্রেনের পূর্বাঞ্চলে মঙ্গলবার বাস ও মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 05:38 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

কিয়েভ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইউক্রেনের পূর্বাঞ্চলে মঙ্গলবার বাস ও মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জন। এতে আহত হয়েছেন অনেকে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর স্বাধীন ইউক্রেনে এটাই সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাসটি চালকসহ ৫০ জনেরও বেশি যাত্রী বহন করছিল। ছোট্ট শহর মারহানেটস এর কাছে একটি লেভেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডিনিপ্রোপেত্রোভস্ক এলাকায় সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে জরুরি মন্ত্রণালয়। ইউক্রেনের পরিবহনমন্ত্রী কসতানতিন ইয়েফিমেনকো জানান, বাসটির চালক পারাপারের সতর্ক সংকেত উপেক্ষা করে লেভেল ক্রসিং'র ওপর বাস তুলে দিলে ধেয়ে আসা ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসচালকও মারা যান। জরুরি মন্ত্রণালয় থেকে জানানো হয়, এ দুর্ঘটনায় ৪৩ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজনের বয়স ৭ থেকে ১৫। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৯ জনের অবস্থা গুরুতর। এ কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী মাইকোলা আজারোভ মন্ত্রিসভার বৈঠকের শুরুতে বলেন, '' আজ সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৪০ জন লোক নিহত হয়েছে।'' দুর্ঘটনায় নিহতদের স্মরণে মন্ত্রিসভার সদস্যরা এক মিনিট নিরবতা পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩১ঘ.