২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের উদ্বেগ

দারফুর পরিস্থিতি নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাষ্ট্রদূত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 09:05 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

এল ফাসের, সুদান, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---দারফুর পরিস্থিতি নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাষ্ট্রদূত। দারফুরের শরণার্থীদের খাবারের অভাব ও নিরাপত্তাহীনতার অভিযোগের প্রেক্ষিতে এ উদ্বেগ প্রকাশ করেন তারা। জাতিসংঘে নিয়োজিত মার্কিন দূত সুসান রাইস জানান, শরণার্থীদের অভিযোগের মধ্যে রয়েছে, দারফুরে নিয়োজিত জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হয়ে সুদান ও উগান্ডা সফরের সময় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সুসান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কাছে অনেক বেশি প্রত্যাশার কারণেই এমনটি হয়েছে। তিনি বলেন, "বাস্তব পরিস্থিতি বিবেচনায় যে প্রত্যাশা করা হয় তার সঙ্গে যখন পদক্ষেপ যথেষ্ট নয় বলে শোনা যায় তখন ভিন্ন ধরনের অনুভূতি হয়।" এল ফাসেরের নিকটবর্তী একটি শরণার্থী শিবির পরিদর্শন করে এবং শরণার্থীদের সঙ্গে কথা বলার পর ব্রিটিশ দূত মার্ক লিয়াল গ্রান্ট জানান, শরণার্থীরা নিরাপত্তা, খাবারের নিশ্চয়তা ও নিজেদের ঘরে ফেরার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে অধিকাংশ শরণার্থীই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়ে জোর দেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৫০০ঘ.