ওয়াশিংটন, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের অধিকাংশ অভিভাবক মনে করেন, অনুমতি ছাড়া ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য সংগ্রহ নিষিদ্ধ করে আইন করা উচিত।
সন্তানের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ থেকেই তারা এমনটা মনে করছেন বলে শুক্রবার প্রকাশিত একটি জরিপের ফলাফলে উঠে এসেছে।
কয়েকজন সিনেটরের মতের প্রতি সমর্থন জানিয়ে অভিভাবকরা দাবি তুলেছেন, তথ্য সংগ্রহের বিষয়ে কঠোর নীতিমালা সরকারকে প্রণয়ন করতে হবে।
জরিপে অংশ নেওয়া ৮৫ শতাংশ মনে করেন, ইন্টারনেটে গোপনীয়তা ফাঁসের বিষয়টি নিয়ে পাঁচ বছর আগের চেয়ে তারা এখন অনেক বেশি উদ্বিগ্ন।
শিশু ও কিশোর-কিশোরীরা তাদের ব্যক্তিগত বিষয় 'অতিরিক্ত' খোলামেলাভাবে ইন্টারনেটে উপস্থাপন করে থাকেন- এটা মনে করে তাদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন ৯২ শতাংশ বাবা-মা।
৭৫ শতাংশ মনে করেন, সামাজিক যোগাযোগের সাইটগুলো তাদের সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হয়েছে।
৮৮ শতাংশ অভিভাবক এবং ৮৫ শতাংশ কিশোর-কিশোরী মনে করেন, ব্যক্তিগত তথ্যগুলো বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করার আগে তাদের অনুমোদন নেওয়া হোক।
এ বিষয়ে আইনি বাধ্যবাধকতা আরোপ করা হলে ৮৮ শতাংশ পিতামাতা তাতে সমর্থন জানাবেন বলেও জরিপে বেরিয়ে এসেছে।
'কমন সেন্স মিডিয়া'র অর্থায়নে জগবি ইন্টারন্যাশনাল জরিপটি চালায়।
ইন্টারনেটে তথ্য শেয়ারের ওপর নিয়ন্ত্রণ অভিভাবকরা চাইলেও যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন্স কমিশনের চেয়ারম্যান মনে করছেন, এতে ইন্টারনেট বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এমআই/১৪৫৫ঘ.
bdnews24