২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গেরিতে বিষাক্ত তরল পরিস্কারে একবছর লাগবে

হাঙ্গেরিতে অ্যালুমিনা প্লান্ট থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত লাল তরল পরিস্কারে কমপক্ষে একবছর লাগবে। খরচও পড়বে প্রচুর। হাঙ্গেরির পরিবেশ মন্ত্রী বিবিসি কে একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 11:18 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

কোলোনটার, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হাঙ্গেরিতে অ্যালুমিনা প্লান্ট থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত লাল তরল পরিস্কারে কমপক্ষে একবছর লাগবে। খরচও পড়বে প্রচুর। হাঙ্গেরির পরিবেশ মন্ত্রী বিবিসি কে একথা জানিয়েছেন। সোমবার অ্যালুমিনা প্লান্টের আধার ভেঙে এ তরল কাদা কোলোনটার গ্রামসহ আশেপাশের আরো দুটো গ্রামে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার তিনটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ। বিষাক্ত এ তরল বক্সাইট শোধন প্রক্রিয়ার বর্জ্য পদার্থ। এতে মারাত্মক রাসায়নিক বিক্রিয়া ঘটে। ন্যাচারাল ডিজাস্টার ইউনিট (এনডিইউ) মঙ্গলবার জানায়, আরো চারটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ জন। জখম হয়েছে ১২০ জন এবং ৩ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তরল পরিস্কারেরও চেষ্টা চলছে। সেইসঙ্গে প্লান্ট থেকে তরল নিঃসরন বন্ধ করারও চেষ্টা করা হচ্ছে। যাতে এ বিষাক্ত পদার্থ নদীর পানিতে ছড়িয়ে পড়ে দূষণ না ঘটতে পারে। পরিবেশমন্ত্রী জোলতান ইলেস বিবিসি কে বলেছেন, এ তরল পরিস্কার করতে কমপক্ষে এক বছর লাগবে। সেইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে প্রযুক্তিগত এবং আর্থিক সাহায্যও লাগতে পারে। তিনি এ ঘটনাকে হাঙ্গেরির সবচেয়ে বড় রাসায়নিক দুর্ঘটনা বলে মন্তব্য করেন। বিষাক্ত উপাদানের কারণে অনেকেই জ্বালাপোড়া এবং চোখ চুলকানি উপসর্গে ভুগছে। প্রায় ৭ লাখ কিউবিক মিটার কাদা (২৪ মিলিয়ন কিউবিক ফিট) রাস্তায় ছড়িয়ে পড়ে ভাসিয়ে নিয়ে গেছে গাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সেতু ও ঘরবাড়ি। গ্রামের চারপাশের কৃষিজমি কাদায় ডুবে গেছে এবং বহু গবাদিপশুও মারা পড়েছে। বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে প্রায় ৫শ মানুষ। ৪০ স্কয়ার কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭০৮ ঘ.