কায়রো, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-৩০ বছর পর আবার সরাসরি ইরান-মিশর বিমান চলাচল (ফ্লাইট) শুরু করতে সম্মত হয়েছে দু'দেশ। মিশরের বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে।
এর আগে ১৯৭৯ সালে এ দুটি দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল ছিলো।
১৯৮০ সালে ইরানের ইসলামিক রোভোল্যুশন এবং ইসরায়েলকে মিশরের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক বৈরী হয়।
মিশরের বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মিশর বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান সামেহ হেফনি এবং ইরানের 'ন্যাশনাল এভিয়েশন কোম্পানি'র উপপ্রধান হামিদ ঘাভাবেশ কায়রো থেকে তেহরানে সপ্তাহে ২৮ টি ফ্লাইট পরিচালনার একটি চুক্তি সই করেছেন।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম জাকি বলেন, এ চুক্তি দু' দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করবে।
তবে রাজনৈতিক সম্পর্ক যে এ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থেকে ভিন্ন সে বিষয়টি উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৫২৭ ঘ.
bdnews24