ইসলামাবাদ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের জন্য জ্বালানি সরবরাহের ট্যাঙ্কারগুলোতে আবারও হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, জ্বালানি সরবরাহের পথ পুনরায় খুলে দেওয়া পিছিয়ে দিতেই এ হামলা চালানো হয়েছে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মিরাজ নিয়াজ রয়টার্সকে বলেন, "কমপক্ষে ১২ জনের একটি সশস্ত্র দল গুলি চালিয়ে ৩ জন রক্ষীকে হত্যা করার পর ট্যাঙ্কারগুলোয় হামলা চালায়।"
এতে জ্বালানিবাহী ১৩টি ট্যাঙ্কার পুড়ে গেছে বলে তিনি জানান।
এর আগে বৃহস্পতিবার ন্যাটোর হেলিকপ্টার হামলায় উল্টরপশ্চিমাঞ্চলীয় খুররম অঞ্চলে পাকিস্তানের তিন সেনা মারা যাওয়ার পর ক্ষুদ্ধ পাকিস্তানি কর্তৃপক্ষ ন্যাটোর জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেয়।
তার একদিন পরই শিখরপুর শহরের কাছাকাছি শুক্রবার হামলা চালিয়ে জ্বালানিবাহী প্রায় ৩৬ টি ট্যাঙ্কার ধ্বংস করে অজ্ঞাত বন্দুকধারীরা।
রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের জন্য জ্বালানি সরবরাহের পথ পুনরায় খুলে দেওয়া হবে। ঠিক একদিন পর সোমবার এ হামলার ঘটনা ঘটল।
এর আগে শুক্রবার জ্বালানিবাহী ট্যাঙ্কারগুলোয় হামলা চালানোর পর শনিবার জঙ্গিরা হুমকি দিয়েছিল, তাদের ওপর হামলার প্রতিশোধ নিতে জ্বালানিবাহী ট্যাঙ্কারে আরো হামলা চালানো হবে।
পাকিস্তান থেকে প্রায় ৫ দিন ধরে আফগানিস্তানে অবস্থানরত ন্যাটোর সেনাদের জন্য জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার দীর্ঘদিনর মিত্র পাকিস্তানের মধ্যে অস্বস্থি তৈরি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৫ঘ.
bdnews24