মায়ামি, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আহতদের চিকিৎসার খরচ কে বহন করবে- কয়েকটি রাজ্য সরকার এমন প্রশ্ন তোলায় প্রতিবেশী হাইতির ভূমিকম্পে আহত রোগীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে নেওয়ার কাজ গত বুধবার থেকে বন্ধ রয়েছে।
চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে বিমান সেবা দেওয়ার ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সংস্থা ইউএস ট্রান্সপোর্টেশন কমান্ড শুক্রবার একথা জানিয়েছে।
দ্বীপ দেশ হাইতির ভূমিকম্পে আহতদের যুক্তরাষ্ট্রে আনার কাজ করছিলো তারা।
সংস্থাটির মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন কেভিন আনদাহ্ল বলেন, "হ্যাঁ, আপাতত ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।"
আহতদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকারের কাছে ফ্লোরিডা রাজ্যের সাহায্য চাওয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "তাদেরকে নেওয়ার জন্য তো আমাদের নির্দিষ্ট গন্তব্য থাকতে হবে।"
কেভিন বলেন, "ফ্লোরিডা এসব রোগীকে না নিলে, ... জর্জিয়াও একই ধরনের বিবৃতি দিয়ে থাকলে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে না পরলে তারা হাইতিতেই থাকছেন।"
অবশ্য মেডিকেল ফ্লাইট চলাচল না করার অর্থ এই নয় যে হাইতির যেসব লোকের চিকিৎসার প্রয়োজন তারা তা পাচ্ছেন না মন্তব্য করে তিনি জানান, চিকিৎসা দেওয়ার মতো সুযোগ-সুবিধা তাদের হাইতি এবং আশপাশেও আছে।
ফ্লোরিডার গভর্নর চার্লি ক্রাইস্টের মুখপাত্র স্টারলিং আইভির বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, কেন্দ্রীয় সরকারের কাছে গভর্নরের সাহায্য চাওয়ার ঘটনাটি সম্ভবত 'ধোঁয়াশার' সৃষ্টি করেছে।
আইভি বলেন, "প্রতিবেশী হাইতিকে সহযোগিতা করতে প্রস্তুত ফ্লোরিডা। তবে আমরা যে চিকিৎসা সেবা দেব তার জন্য একটি কর্মপরিকল্পনা এবং ব্যয়িত অর্থ পরিশোধের ব্যাপারটিও ঠিক করা জরুরি।"
হাইতিতে গত ১২ জানুয়ারি আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়। আহত হয় অনেকে। এদের মধ্যে পাঁচশ'র বেশি লোক ইতিমধ্যে ফ্লোরিডায় চিকিৎসা নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এজে/২০৩৩ ঘ.
bdnews24