জাতিসংঘ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পারিবারিক কারণ দেখিয়ে আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূতের চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সুইডেনের প্রবীণ কূটনীতিক স্টেফান ডি মিসতুরা।
শুক্রবার পশ্চিমা কূটনীতিকরা জানান, জাতিসংঘের মহাসচিব বান কি মুন চেয়েছিলেন ইরাকে জাতিসংঘের সাবেক বিশেষ দূত মিসতুরা আফগানিস্তানে বিশ্ব খাদ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে যোগদান করুক।
প্রস্তাবে সম্মত হলে কাবুলে বিদায়ী নরওয়ের কূটনীতিক কাই এডির স্থলাভিষিক্ত হতেন তিনি।
কূটনীতিকরা আরো জানান, ওই পদে কে স্থলাভিষিক্ত হেেচ্ছন তা এখনও স্পষ্ট নয়। তবে প্রার্থী তালিকার প্রথমে আছেন স্লোভাকিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জান কুবিস। নাম আছে নেপালে জাতিসংঘের সাবেক বিশেষ দূত ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক প্রধান যুক্তরাজ্যের ইয়ান মার্টিনেরও।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, "মিসতুরা পারিবারিক কারণ দেখিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। ফলে আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই রয়ে গেলাম।"
আফগানিস্তান বিষয়ক লন্ডন সম্মেলনেই বান কি মুন মিসতুরার নিয়োগ ঘোষণা দিতে চেয়েছিলেন বলে কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এজে/১৮৪২ ঘ.
bdnews24