পোর্ট অব প্রিন্স, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প বিধ্বস্ত হাইতির জীবনযাত্রা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে খুলতে শুরু করেছে রাজধানী পোর্ট অব প্রিন্সের দোকান-পাট, ব্যাংক। সেখানকার সমুদ্র বন্দরও সীমিত আকারে চালু করার মতো মেরামত করা হয়েছে।
তবে এখনো ধ্বংসস্তূপে আটকে থাকাদের বের করে আনতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। এখন হাইতি সরকার ও সহায়তা দানকারী দেশ ও সংস্থাগুলো জীবিতদের চিকিৎসা ও খাদ্য সরবরাহেরই বেশি মনোযোগ দিচ্ছে।
হাইতির অর্থমন্ত্রী রোনাল্ড বাউডিন বলেন, আমরা পরিস্থিতি বিবেচনা বকরে দেখার পাশাপাশি মৌলিক সেবা ও ব্যাংকিং ব্যবস্থা চালু করার চেষ্টা চালাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে।
তবে এখনও অনেকেই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
হাইতি প্রেসিডেন্টের প্রাসাদের পাশের নোংরা-আবর্জনায় পরিপূর্ণ পার্কে আশ্যয় নেয়া ১২ বছর বয়সী জুডিলাইন পিয়েরে-রোজ বলেন, এখানে ভয়ংকর অবস্থা। নোংরা এবং বিরক্তিকর। যে যেখানে পারছে প্রাকৃতিক কর্ম সারছে এবং আমি অসুস্থ হয়ে পড়ব বলে মনে হচ্ছে।
সব প্রচেষ্টা স্বত্ত্বেও রাজধানীর বিভিন্ন মৌলিক ব্যবস্থা খুবই সীমিত আকারে চালু করা সম্ভব হয়েছে। শহরের পানি সরবরাহ ব্যবস্থা এখনো চালু করার সম্ভব হয়নি। হাসপাতালগুলো এখনো হিমশিম খাচ্ছে।
অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানিয়েছে, প্রায় দুই লাখ পরিবারের অন্তত ১০ লাখ মানুষকে পুনর্বাসিত করতে হবে। এদের মধ্যে প্রায় চার লাখ পরিবারকে বিভিন্ন নতুন এলাকায় পুনর্বাসন করা হবে।
স্বরাষ্টমন্ত্রী পল আন্তোন বিয়েন-আইমে বলেন, প্রথম দফায় এক লাখ লোককে রাজধানীর উত্তরে খোয়া দে বুকে শহরে ১০ হাজার তাবুবিশিষ্ট কয়েকটি গ্রামে পাঠানো হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও ব্রিটেন থেকে আসা ধ্বংসস্তূপে অভিযান চালানো দলগুলো ফিরে গেছে। তবে ব্রাজিল, চিলি ও যুক্তরাষ্ট্রের অন্যান্য দলগুলো অনুসন্ধানী কুকুর নিয়ে জীবীতদের খোঁজ অব্যাহত রেখেছে।
চিলি সেনাবাহিনীর মেজর রোদরিগো ভাসকেস বলেন, এটা মানতেই হবে যে নয় দিন পরেও জীবিত অবস্থায় কাউকে পাওয়া খুব কঠিন। তবে এটা অসম্ভব নয়।
এদিকে, বিশ্ব ব্যাংক আগামী পাঁচ বছর হাইতির ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের ঋণ শোধ করবে বলে ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ২০১১ সাল পর্যন্ত হাইতিকে ১০ কোটি মার্কিন ডলার সুদমুক্ত ঋণ দিবে বলেছে।
অন্যদিকে, হাইতির ভূমিকম্প পীড়িত শিশুদের দত্তক নিচ্ছে বিভিন্ন দেশ। ভূমিকম্প দূর্গত বেশ কিছু শিশু আগামী কয়েকদিনের মধ্যেই জার্মানি পৌঁছবে। এছাড়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স স্পেনও হাইতি থেকে শিশু দত্তক নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ
bdnews24