২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিহতের সংখ্যা ২ লাখ হতে পারে

ভূমিকম্পের তিন দিন পরও নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি হাইতি। তবে এ সংখ্যা দুই লাখ হতে পারে বলে এক মন্ত্রী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 07:37 AM

Updated : 24 Aug 2022, 06:12 PM

পোর্ট অব প্রিন্স, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পের তিন দিন পরও নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি হাইতি। তবে এ সংখ্যা দুই লাখ হতে পারে বলে এক মন্ত্রী জানিয়েছেন। এদিকে ত্রাণ পৌঁছলেও বিধ্বস্ত অবকাঠামো এবং লোকবলের অভাবে দুর্গতদের কাছে খাবার পৌঁছতে দেরি হচ্ছে। ফলে ক্ষোভ দেখা দেওয়ায় ত্রাণ কার্যক্রম গতিশীল করতে রাজধানী পোর্ট অব প্রিন্স বিমানবন্দরের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দিয়েছে হাইতি। হাইতির স্বরাষ্ট্রমন্ত্রী পল আন্তোনিও বিয়েন-আইমে বলেন, "ভূমিকম্পে নিহতের সংখ্যা এক থেকে দুই লাখের মধ্যে থাকবে হবে বলে আমরা মনে করছি। যদিও এর সঠিক সংখ্যাটি হয়তো কখনোই জানা সম্ভব হবে না।" ৫০ হাজার লাশ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে ৪০ হাজারকে গণকবর দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পে পোর্ট অব প্রিন্সের তিন-চতুর্থাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যা নতুন করে গড়ে তুলতে হবে। ৭ মাত্রার ওই ভূমিকম্পের তিন দিন পর শুক্রবারও রাস্তায় মৃতদেহ ও ধ্বংসস্তূপের পাশে কোনো রকমে অনেককে থাকতে দেখা যায়। এরই মধ্যে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জন নিরাপত্তা বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী আরামিক লুইস জানান, প্রেসিডেন্ট রেনে প্রেভাল ও প্রধানমন্ত্রী জ্যঁ-ম্যাক্স বেলেরিভে সুস্থ আছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় করছেন। "তবে তাদের মূল ভাবনার বিষয় এখন সহিংসতা। যে সব এলাকায় দুর্বৃত্তরা তৎপর হতে শুরু করেছে সেখানে আমরা পুলিশ বাহিনী পাঠাচ্ছি। এই ধরনের লুটপাট যারা করছে, তারা ঠিক করছে না", বলেন লুইস। উদ্বাস্তদের শান্ত থাকার আহ্বানও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী আলেক্স লারসেন বলেন, রাজধানীর বেশিরভাগ এলাকায়ই নতুন করে গড়ে তুলতে হবে। দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর জাকমেল এবং এর আশেপাশেও বিপুল ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ত্রাণ আটকে আছে বন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই বিপুল পরিমাণে ত্রাণ ও সহায়তা ক্যারিবিয়ান অঞ্চলের দরিদ্র এই দেশটিতে পৌঁছেছে এবং পৌঁছাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের শনিবার হাইতিতে যাওয়ার কথা রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, খুব শিগগির যাচ্ছেন সংস্থার মহাসচিব বান কি মুনও। ভারী যন্ত্রপাতি ও অনুসন্ধানী কুকুরসহ উদ্ধারকারী দল, পানি পরিশোধন ইউনিট, তাঁবু, খাবার ও পানির সরবরাহ, ডাক্তার ও টেলিযোগাযোগ প্রকৌশলীর দল নিয়ে বিমান ও জাহাজ ইতিমধ্যে হাইতিতে পৌঁছেছে। তবে প্রায় অকেজো বিমান বন্দর, ভাঙ্গা সমুদ্র বন্দর ও ধ্বংসস্তূপে রাস্তা আটকে থাকার ফলে দুস্থদের সেই ত্রাণ পোঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করার লক্ষ্যে হাইতি সরকার মূল বিমান বন্দরের নিয়ন্ত্রণ অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রকে দিয়েছে । ত্রাণের জন্য হাহাকার পোর্ট অব প্রিন্সের বাইরে বিভিন্ন এলাকায় ছেঁড়া জামা কাপড় পরা মানুষ সাংবাদিক দেখলেই খাবার ও পানির জন্য আবেদন করছে। একটি আস্তাকুঁড়ের পাশে ক্যাম্পে আশ্রয় নেওয়া আন্দ্রে রোজারিও বলেন, "আমরা সবকিছু হারিয়েছি। মৃত্যুর জন্য অপেক্ষা করছি। কেউ আমাদের দেখতে আসছে না।" যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ক্ষতির পরিমাণ অস্বাভাবিক বেশি ও হৃদয় বিদারক। হাইতিতে মানুষের প্রাণ বাঁচাতে এবং দেশটিকে পুনরায় স্বাবলম্বী করে তুরতে যা যা করা প্রয়োজন তার সবকিছুতেই সহায়তা করা হবে। হাইতির জন্য ১০ কোটি মার্কিন ডলারের তহবিলের জন্য আহ্বান করেছেন ওবামা। শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন হাইতির প্রতি মনোযোগী হতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হাইতির প্রায় অকোজো সরকারকে সহায়তা করতে জাতিসংঘ দীর্ঘমেয়াদি সহায়তার প্রস্তাব জানিয়েছে। দেশটির পার্লামেন্ট ভবন ধসে পড়েছে এবং কতোজন সাংসদ বেঁচে আছেন তাও এখন পর্যন্ত জানা যায়নি। দেশটির মূল কারাগার ভবনের একাংশও ধসে পরে কিছু অপরাধীও পালিয়ে গেছে। মার্কিন সেনাবাহিনী সোমবারের মধ্যে প্রায় ১০ হাজার সৈন্য হাইতিতে পাঠাবে। নৌবাহিনীর হেলিকপ্টার আহতদের বিমান বন্দরের কাছে একটি মাঠের অস্থায়ী হাসপাতালে নিতে শুরু করেছে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে মৃতদেহগুলো থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে, যার ফলে মানসিক আঘাতেও অনেকের মৃত্যু হতে পারে। তাছাড়া কলেরার মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৩২৫ ঘ.