প্যারিস, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- প্যারিস ক্লাবের ঋণদাতাদের সঙ্গে যোগাযোগ করে ভূমিকম্প বিধ্বস্ত হাইতিকে দ্রুত ঋণমুক্ত করার পদক্ষেপ নিতে বলেছে ফ্রান্স। শুক্রবার ফ্রান্সের অর্থমন্ত্রী একথা বলেন।
প্যারিস ক্লাবের ঋণদাতারা হাইতির সব ঋণ মওকুফ করতে গত জুলাই মাসেই চুক্তিতে পৌঁছায়। কিন্তু ওই চুক্তি কার্যকর করতে সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপাক্ষীয় চুক্তি সই আবশ্যক হয়ে পড়ায় এ প্রক্রিয়া ধীর হয়ে পড়ে।
বিভিন্ন ঋণদাতা দেশের সমন্বয়ে প্যারিস ক্লাব গঠিত। এর সভাপতির পদে আছে ফ্রান্স।
অর্থমন্ত্রী বলেন,"আমি প্যারিস ক্লাবের সব সদস্যের সঙ্গে যোগাযোগ করেছি যাতে জলদি ঋণ মওকুফের পদক্ষেপ নেওয়া যায়।"
জুলাই মাসে প্যারিস ক্লাব জানিয়েছিল, তারা হাইতির ৬২ দশমিক ৭৩ মিলিয়ন ঋণ মওকুফের সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে দেয় দ্বিপক্ষীয় এবং স্বেচ্ছাসেবী ভিত্তিতে অতিরিক্ত ১৫২ মিলিয়ন ডলার ঋণ মওকুফ করারও প্রতিশ্র"তি দেয় তারা।
ফ্রান্স জানিয়েছে, হাইতির কাছে তাদের পাওনা আছে ৫৮ মিলিয়ন ইউরো।
এর মধ্যে ৪ মিলিয়ন ডলার সম্পূর্ণ মওকুফ করা হয়ে গেছে এবং বাকি ৫৪ মিলিয়ন ডলার দ্রুত মওকুফ করার চেষ্টা নিচ্ছে ফ্রান্স।
হাইতির অন্যতম ঋণদাতা তাইওয়ান এবং ভেনেজুয়েলার প্রতিও ঋণ মওকুফের আবেদন জানানো হয়েছে। যদিও তারা প্যারিস ক্লাবের সদস্য নয়।
গত জুনে হাইতি আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের কাছ থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার ত্রাণঋণ নেয়।
মঙ্গলবার সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাইতির রাজধানী লণ্ডভণ্ড হয়ে যায়। হাইতির রেডক্রস জানিয়েছে, ৪৫ থেকে ৫০ হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ লাখ মানুষ। অগণিত মানুষ আশ্রয়হীন হওয়ার পাশাপাশি ধ্বংসস্তুপে আটকা পড়েছে বহু মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০৫৬ ঘ.
bdnews24