২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মাওবাদী শিবির ছাড়ছে সাবেক শিশু যোদ্ধারা

অশ্র"সিক্ত চোখ। তারপরও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানিতে একে একে যুদ্ধশিবির থেকে বিদায় নিচ্ছে নেপালের সাবেক মাওবাদী শিশু যোদ্ধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 03:31 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

দুদহাওলি, নেপাল, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অশ্র"সিক্ত চোখ। তারপরও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানিতে একে একে যুদ্ধশিবির থেকে বিদায় নিচ্ছে নেপালের সাবেক মাওবাদী শিশু যোদ্ধারা। শান্তি চুক্তির অংশ হিসাবে বৃহস্পতিবার থেকে এরকম দুশোরও বেশি সাবেক শিশু সেনা নেপালের জঙ্গলে মাওবাদী শিবিরগুলো থেকে মুক্তি নিয়ে ফিরতে শুরু করেছে যে যার ঠিকানায়। ২০০৬ সালে সম্পাদিত চুক্তির মধ্য দিয়ে নেপালে মাওবাদীদের রক্তক্ষয়ী বিদ্রোহের অবসান ঘটে। ওই চুক্তির আওতায় মুক্তি পাওয়া মাওবাদী যোদ্ধাদের প্রথম দল এটি। এ দলে রয়েছে প্রায় চার হাজার সাবেক মাওবাদী যোদ্ধা। ২০০৬ সালে শান্তিচুক্তির সময় যাদের বয়স ছিল ১৮ বছরের কম। আগামী মাসের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের যুদ্ধশিবির ছেড়ে তারা নতুন জীবন গড়ার চেষ্টা নেবে। ২০০৮ সালে নেপালে রাজতন্ত্র বিলোপ হওয়ার পর নতুন সংবিধান রচনার চেষ্টা চলার মধ্যে মাওবাদী যোদ্ধাদের এই মুক্তি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই বিবেচিত হচ্ছে। যদিও গত মে মাসে সেনাপ্রধানকে বরখাস্ত করা নিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বিরোধের জেরে মাওবাদীরা সরকার থেকে বেরিয়ে যাওয়ায় নেপালে নড়বড়ে শান্তি প্রক্রিয়া অচল হয়ে পড়েছে। যোদ্ধাদের বিদায়ের প্রথম ধাপ শেষের পর দ্বিতীয় ধাপে নেপালজুড়ে জাতিসংঘের তদারকাধীন বিভিন্ন শিবির থেকে ১৯ হাজারেরও বেশি মাওবাদী যোদ্ধাকে একত্রীকরণ এবং পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হবে। মাওবাদী উপনেতা চন্দ্রপ্রকাশ গাজুরেল বলেন," পিএলএ (মাওবাদী যোদ্ধা) কে একীভূত করার পাশাপাশি নতুন সংবিধান রচনার কাজও চলবে। এটি কোনওভাবেই আলাদা করা হবে না।" গাঁদা ফুলের মালা গলায় দিয়ে সাবেক শিশু যোদ্ধা লক্ষ্মী গৌতম শিবির ছাড়ার মুহূর্তে কাঁদতে কাঁদতে বলেন," দীর্ঘদিনের সহযোদ্ধাদের ছেড়ে যাচ্ছি বলে খারাপ লাগছে।" তবে শিবির ছেড়ে যাওয়া অন্য যোদ্ধারা গর্বিত ভঙ্গিতে বলেন, রাজতন্ত্র নিপাত হয়েছে বলে আমরা খুশি। নেপাল এখন প্রজাতন্ত্র। ২২ বছরের সোহানা রানা বলেন," সংগ্রাম ছাড়া এটা সম্ভব হত না। আমি এজন্য গর্বিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১১৩ ঘ.